যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানল দ্রুত ছড়িয়ে পড়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে। প্রায় ৭ হাজার একর এলাকা জুড়ে ছড়িয়ে পড়া আগুনে এখন পর্যন্ত ৭ শতাধিক বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনা পুড়ে গেছে। পরিস্থিতির অবনতির কারণে স্পোকেন ও আশপাশের এলাকা থেকে প্রায় ৬৫ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। সংকট মোকাবিলায় অঙ্গরাজ্যজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন গভর্নর বব ফার্গুসন।
কর্তৃপক্ষ জানিয়েছে, শুষ্ক আবহাওয়া, প্রবল গরম এবং দমকা হাওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।

ওয়াশিংটনের দ্বিতীয় বৃহত্তম শহর স্পোকেন ও পার্শ্ববর্তী এলাকায় প্রায় ৮ দশমিক ২ বর্গমাইল (প্রায় ২১ বর্গকিলোমিটার) এলাকা আগুনে পুড়ে গেছে। বর্তমানে ওল্ড ট্রেইলস ফায়ার, ফেয়ারভিউ ফায়ার এবং মেডোভিউ ফায়ার—এই তিনটি বড় দাবানল নিয়ন্ত্রণে আনতে দিনরাত কাজ করছেন দমকলকর্মীরা।
দাবানলের কারণে স্পোকেন ভেটেরান্স অ্যাফেয়ার্স হাসপাতালের রোগীদেরও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় ভিডিও ও ছবিতে দেখা গেছে, একের পর এক ভবন আগুনে জ্বলছে, আকাশজুড়ে ছড়িয়ে পড়েছে ঘন কালো ধোঁয়া এবং বহু আবাসিক এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কোথাও কোথাও পুরো বাড়ি পুড়ে গিয়ে শুধু চিমনি দাঁড়িয়ে রয়েছে।

একই সময়ে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলের আরও কয়েকটি অঙ্গরাজ্যেও দাবানল ভয়াবহ রূপ নিয়েছে। পশ্চিম আইডাহো ও পূর্ব ওরেগনে টানা দশ দিন ধরে আগুন নিয়ন্ত্রণে আনতে বুলডোজার, হেলিকপ্টার ও শত শত দমকলকর্মী কাজ করছেন। সেখানে প্রায় ৫২৫ বর্গমাইল (প্রায় ১ হাজার ৩৬০ বর্গকিলোমিটার) তৃণভূমি আগুনে পুড়ে গেছে। প্রায় ৭০০টির বেশি বাড়ি এবং আরও ৮০০টির কাছাকাছি স্থাপনা ঝুঁকির মধ্যে রয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বজ্রপাত থেকেই এসব দাবানলের সূত্রপাত।
পরিস্থিতির অবনতি হওয়ায় যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ পূর্ব ওয়াশিংটন, পূর্ব ওরেগন, পশ্চিম ও মধ্য আইডাহো এবং পশ্চিম মন্টানায় বায়ুদূষণ সতর্কতা জারি করেছে। পাশাপাশি কয়েকটি অঙ্গরাজ্যে দাবানলের উচ্চ ঝুঁকি এবং তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তাও দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে মার্কিন সিনেটর মারিয়া ক্যান্টওয়েল বলেন, “আমরা এখনও বিপদমুক্ত নই। আগামী কয়েক দিন পরিস্থিতি আরও কঠিন হতে পারে।” আবহাওয়া দপ্তরও জানিয়েছে, চলতি সপ্তাহজুড়ে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া বজায় থাকায় দাবানল আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে।