পুবের কলম ওয়েব ডেস্ক: কাবেরী নদীর জলবণ্টনকে কেন্দ্র করে কর্নাটক এবং তামিলনাড়ুর মধ্যে পুরনো বিবাদ ফের মাথাচাড়া দিয়ে উঠেছে। কর্নাটক সরকার তামিলনাড়ুকে তাদের ন্যায্য জলের অধিকার থেকে বঞ্চিত করছে, এমন অভিযোগ তুলে অভিনব প্রতিবাদে শামিল হলেন তামিলনাড়ুর কৃষকরা। সোমবার সকালে তিরুচিরাপল্লিতে কাবেরী নদীর তীরের বালিতে নিজেদের শরীরের অর্ধেক অংশ পুঁতে দিয়ে জলের দাবিতে সোচ্চার হন বেশ কয়েক জন কৃষক। শুধুমাত্র মাথাটুকু বাইরে রেখে তাঁরা সরকার বিরোধী স্লোগান দিতে থাকেন।

এই কৃষক বিক্ষোভের নেতৃত্বে ছিলেন আর্য কান্নু। তিনি অভিযোগ করে জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী প্রতি মাসে তামিলনাড়ুকে নির্দিষ্ট পরিমাণ জল দেওয়ার কথা থাকলেও কর্নাটকের মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার তা মানছেন না। তামিলনাড়ুকে তাদের প্রাপ্য ৩৫০০ কিউসেক জল থেকে বঞ্চিত করা হচ্ছে বলে তিনি দাবি করেন। একই সঙ্গে তিনি জানান, চলতি বছরে বর্ষার ঘাটতি থাকায় এমনিতেই জলের অভাব দেখা দিয়েছে, যার ফলে কৃষিকাজে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন সাধারণ কৃষকরা।

উল্লেখ্য, কাবেরী নদীর জলবণ্টন নিয়ে এই দুই রাজ্যের দ্বন্দ্ব দীর্ঘদিনের। সম্প্রতি কাবেরী জল নিয়ন্ত্রক কমিটি ১৫ দিনের জন্য তামিলনাড়ুকে ৩৫০০ কিউসেক জল ছাড়ার নির্দেশ দিয়েছিল কর্নাটক সরকারকে। কিন্তু এই নির্দেশের তীব্র বিরোধিতা করে আন্দোলনে নামেন কর্নাটকের কৃষকরা। যদিও কেরলে প্রবল বৃষ্টির জেরে মাইসুরুর কাবিনি জলাধারে জলস্তর অনেকটাই বৃদ্ধি পাওয়ায় কর্নাটক সরকার বাধ্য হয়ে অতিরিক্ত জল তামিলনাড়ুর দিকে ছেড়েছে বলে জানা গিয়েছে।