পুবের কলম, ওয়েবডেস্ক: কড়া নিরাপত্তা আর রাজনৈতিক উত্তাপের মধ্য দিয়ে আজ শুরু হয়েছে ২০২৬-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। রাজ্যের ১৬টি জেলার ১৫২টি আসনে আজ সকাল থেকেই বুথে বুথে লম্বা লাইন। সকাল ১১টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ভোটদানের হারে অন্য রাজ্যকে পেছনে ফেলে দিয়েছে বাংলা।

আজ বাংলার পাশাপাশি দক্ষিণ ভারতের রাজ্য তামিলনাড়ুতেও বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

তবে সকালের পরিসংখ্যান বলছে, ভোটারদের উৎসাহে তামিলনাড়ুকে ছাপিয়ে গিয়েছে বাংলা। পশ্চিমবঙ্গে সকাল ১১টা পর্যন্ত ভোট পড়েছে ৪১.১১ শতাংশ। তামিলনাড়ুতে একই সময় পর্যন্ত সেখানে ভোটদানের হার ৩৭.৫৬ শতাংশ।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তীব্র গরম উপেক্ষা করে এই বিপুল উপস্থিতি প্রমাণ করে যে এবারের নির্বাচন নিয়ে সাধারণ মানুষের আগ্রহ তুঙ্গে।

বিশেষ করে মুর্শিদাবাদ ও পশ্চিম মেদিনীপুরের মতো জেলাগুলোতে সকাল থেকেই রেকর্ড ভোটদানের খবর মিলছে।

ভোট মোটের ওপর শান্তিপূর্ণ থাকলেও সকাল ১১টা পর্যন্ত নির্বাচন কমিশনের দপ্তরে ২৬০টি অভিযোগ জমা পড়েছে। ইভিএম (EVM) বিভ্রাট, বুথের বাইরে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা ও কিছু জায়গায় বিরোধী দলের পোলিং এজেন্টদের বুথে বসতে বাধা দেওয়া। কমিশন সূত্রে জানানো হয়েছে, প্রতিটি অভিযোগ অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে এবং দ্রুত সমাধান করা হচ্ছে। কোথাও কোনও বড় ধরনের সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনার খবর এখনও মেলেনি।