পুবের কলম ওয়েব ডেস্ক: দ্বিতীয় দফার ভোটে বিকেল গড়াতেই বাংলাজুড়ে স্পষ্ট হয়ে উঠল ভোটারদের উৎসাহ। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বুধবার বিকেল ৩টে পর্যন্ত রাজ্যে মোট ভোটদানের হার পৌঁছেছে ৭৮.৬৮ শতাংশে। সকাল থেকে বিভিন্ন জেলায় বুথের বাইরে দীর্ঘ লাইন দেখা যায়। বিক্ষিপ্ত অশান্তির অভিযোগ উঠলেও সামগ্রিকভাবে ভোটপর্ব শান্তিপূর্ণ বলেই দাবি প্রশাসনের।
জেলাভিত্তিক ভোটের হিসাবে এদিন সবচেয়ে এগিয়ে পূর্ব বর্ধমান।

সেখানে বিকেল ৩টে পর্যন্ত ভোট পড়েছে ৮৩.১১ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে হুগলি, যেখানে ভোটদানের হার ৮০.৭৭ শতাংশ। নদিয়াতেও ভোটারদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। সেখানে ভোট পড়েছে ৭৯.৭৯ শতাংশ।
এ ছাড়া হাওড়ায় ভোট পড়েছে ৭৭.৭৩ শতাংশ, উত্তর ২৪ পরগনায় ৭৭.৩৯ শতাংশ এবং দক্ষিণ ২৪ পরগনায় ৭৬.৭৫ শতাংশ।
কলকাতার দুই অংশের মধ্যে উত্তর কলকাতায় ভোটদানের হার ৭৮ শতাংশ হলেও দক্ষিণ কলকাতায় তা নেমে এসেছে ৭৫.৩৮ শতাংশে। ফলে দ্বিতীয় দফায় সবচেয়ে কম ভোট পড়ার তালিকায় রয়েছে কলকাতা দক্ষিণ।
হাইপ্রোফাইল ভবানীপুর কেন্দ্রেও ভোটারের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। সেখানে বিকেল ৩টে পর্যন্ত ভোট পড়েছে ৭৫.৬৬ শতাংশ।
আসনভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, সবচেয়ে বেশি ভোট পড়েছে গলসি কেন্দ্রে।
সেখানে ভোটদানের হার ৮৫.১১ শতাংশ। অন্যদিকে সবচেয়ে কম ভোট পড়েছে মহেশতলায়, যেখানে বিকেল ৩টে পর্যন্ত ভোটের হার ৭০.১ শতাংশ।
কমিশনের তথ্য বলছে, এবারের ভোটদানের হার ২০২৪ সালের লোকসভা নির্বাচনের তুলনায় অনেকটাই বেশি। গত লোকসভা ভোটে দুপুর ৩টে পর্যন্ত ভোটের হার বিভিন্ন দফায় ৫৯ থেকে ৭০ শতাংশের মধ্যে ঘোরাফেরা করেছিল। সেই তুলনায় এবারের বিধানসভা ভোটে মানুষের অংশগ্রহণ অনেক বেশি বলেই মনে করছে রাজনৈতিক মহল।