পুবের কলম ওয়েব ডেস্ক: ২০২৬-এর বিধানসভা নির্বাচনে গণতন্ত্রের উৎসবে নয়া ইতিহাস গড়ল পশ্চিমবঙ্গ। মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন, স্বাধীনতার পর থেকে প্রথম ও দ্বিতীয় দফার নির্বাচনে এ বছরই রাজ্যে সর্বোচ্চ শতাংশ ভোটদান রেকর্ড করা হয়েছে। বাংলার এই বিপুল জনঅংশগ্রহণকে সম্মান জানিয়ে তিনি একে ‘ভোটের উৎসব, পশ্চিমবঙ্গে ও সামগ্রিকভাবে বাংলার গর্ব’ বলে অভিহিত করেছেন।
কমিশন সূত্রে খবর, প্রথম দফায় রাজ্যে প্রায় ৯৩.১৯ শতাংশ এবং বুধবার দ্বিতীয় দফায় সন্ধ্যা পর্যন্ত প্রায় ৯০ শতাংশের কাছাকাছি ভোট পড়েছে।
বাংলার মানুষ যেভাবে নিজে থেকেই এগিয়ে এসে দলে দলে ভোট দিয়েছেন, তাতে খুশি হয়ে তাঁদের মন থেকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্য নির্বাচনী কমিশনার। তাঁর কথায়, গরম বা নানা বাধা সামলেও বাংলার মানুষ যেভাবে দলে দলে ভোট দিতে এসেছেন, তা সারা দেশের কাছে একটা বড় দৃষ্টান্ত।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতেই সাধারণ মানুষ নির্ভয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন। এই রেকর্ড ভোটদানকে গণতন্ত্রের জয় হিসেবেই দেখছে কমিশন।