পুবের কলম ওয়েব ডেস্কঃ বঙ্গে প্রথম দফায় রেকর্ড ভোট পড়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এবার ভোট দানের হার ছিল প্রায় ৯২ শতাংশ। এত পরিমাণ ভোটের হার দেখে শাসক বিরোধী সকলেই নির্বাচন কমিশনের প্রশংসা করেছে। আর ভোটদানের হারের নিরিখে সবচেয়ে এগিয়ে রয়েছে কোচবিহার জেলায়। এই জেলায় ভোট পড়েছে ৯৬.৪ শতাংশ। তবে ভোটদানের নিরিখে নজির তৈরি করেছে জেলার শীতলকুচি।
যেখানে ভোট পড়েছে ৯৮ শতাংশ। আর শুধু তাই নয়, এই কেন্দ্রের একটি বুথে আবার ভোট পড়েছে ৯৯ শতাংশ।আরও পড়ুন:
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, শীতলকুচি বিধানসভা কেন্দ্রের বুথ নম্বর ২০৩ হল বিপিনচন্দ্র রায় পূর্বপাড়া পঞ্চম পরিকল্পনা প্রাথমিক বিদ্যালয়। সেখানেই এই হারে ভোট পড়েছে। যা সত্যিই নজির গড়ার মতো। তবে শুধুমাত্র ৬ জন এই বুথে ভোট দিতে পারেননি।
ওই বুথে মোট ভোটার রয়েছে ৬৩৯ জন। যারমধ্যে মৃত্যু হয়েছে দুজনের। ফলে বুথে বৈধ ভোটারের সংখ্যা হল ৬৩৭ জন। জানা গিয়েছে, এর মধ্যে একজন পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন এবং ইভিএমে ভোট পড়েছে ৬৩০ টি। তবে ভোট দিতে পারেননি ৬ জন।আরও পড়ুন:
কেন তাঁরা ভোট দিতে পারেননি সেবিষয়ে জানা যাচ্ছে, ওই ৬ জনই হলেন পরিযায়ী শ্রমিক।
ভোট দিতে তাঁরা বাড়ি ফিরতে না পারায় ভোট দিতে পারেননি। উল্লেখ্য, এই বুথের অনেকেই পরিযায়ী শ্রমিক। তাঁদের অনেকের আশঙ্কা এবার ভোট দিতে না পারলে যদি ভোটার কার্ড থেকে নাম বাতিল হয়ে যায় সেই আশঙ্কায় তাঁরা ভোট দিতে বাড়ি ফিরেছেন। বাকি ৬ জন ভোটার পৌঁছে গেলে ১০০ শতাংশ ভোট পড়ে যেত ওই বুথে। উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ভয়ঙ্কর ঘটনা ঘটে গিয়েছিল শীতলকুচিতে। সেখানে কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানোর ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছিল। এবার শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে ভোট।