পুবের কলম ওয়েবডেস্কঃ এশিয়ান গেমসে সোনাজয়ী অ্যাথলিট স্বপ্না বর্মণের নির্বাচনী লড়াইয়ে মনোনয়ন জমা দেওয়ার পথ অবশেষে পরিষ্কার হল। ভারতীয় রেলের পক্ষ থেকে তাঁকে ‘নো ডিউস’ সার্টিফিকেট দেওয়ায় প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করতে আর কোনও প্রশাসনিক বাধা রইল না। ২০২০ সালে ভারতীয় রেলের আলিপুরদুয়ার ডিভিশনে স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইনস্পেক্টর পদে চাকরিতে যোগ দেন স্বপ্না। পরে চলতি বছরের ১৬ মার্চ তিনি চাকরি থেকে ইস্তফা দেওয়ার আবেদন করেন। কিন্তু তার আগেই, ৯ মার্চ একটি রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ তোলে রেল কর্তৃপক্ষ।
আরও পড়ুন:
রেলের তরফে ইস্তফা মঞ্জুর না হওয়ায় এবং এনওসি না মেলায় নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তা তৈরি হয়। এই পরিস্থিতিতে জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চে মামলা করেন স্বপ্না। তাঁর দাবি ছিল, ১৬ মার্চ ইস্তফাপত্র জমা দিলেও তা গ্রহণ করেনি রেল কর্তৃপক্ষ। মামলার শুনানিতে আদালত তাঁকে নতুন করে ইস্তফাপত্র জমা দিতে নির্দেশ দেয় এবং ৪৮ ঘণ্টার মধ্যে সেই আবেদন বিবেচনা করার জন্য রেলকে নির্দেশ দেয়। আদালতের নির্দেশের পর সোমবার রেলের তরফে স্বপ্নাকে ‘নো ডিউস’ সার্টিফিকেট দেওয়া হয়।
আরও পড়ুন:
স্বপ্নার আইনজীবী নিলয় চক্রবর্তী জানান, রেলের তরফে অবশেষে প্রয়োজনীয় ছাড়পত্র দেওয়া হয়েছে। অন্যদিকে রেলের আইনজীবী ডেপুটি সলিসিটর জেনারেল সুদীপ্ত মজুমদার বলেন, স্বপ্না ভুল স্বীকার করে চিঠি দেওয়ার পর তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয় এবং পরে ‘নো ডিউস’ সার্টিফিকেট দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিতে আর কোনও আইনি জটিলতা থাকছে না স্বপ্নার। এবারের নির্বাচনে রাজগঞ্জ কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। আগামী বুধবার তাঁর সমর্থনে রাজগঞ্জে নির্বাচনী সভা করার কথা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভাস্থলের প্রস্তুতিও ইতিমধ্যেই খতিয়ে দেখা হয়েছে। স্বপ্না জানান, ‘নো ডিউস’ সার্টিফিকেট হাতে পাওয়ার পর তিনি এখন পুরো দমে নির্বাচনী প্রচারে নেমেছেন।