সংসদ চত্বরে রামমন্দিরের প্রণামি চুরির অভিযোগকে কেন্দ্র করে বিরোধী শিবিরের প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রয়েছে। সোমবার অনুষ্ঠিত প্রতীকী পথনাটিকায় রাখা তিনটি প্রণামি বাক্স খুলে গণনা করে দেখা যায়, মোট ৪৭ হাজার ১০০ টাকা জমা পড়েছে। বিরোধী সাংসদদের দাবি, এই অর্থ অযোধ্যার রামমন্দিরে দান করা হবে।

উত্তরপ্রদেশের ফৈজাবাদ কেন্দ্রের সমাজবাদী পার্টির সাংসদ অবধেশ প্রসাদ জানান, বিরোধী দলগুলির সিদ্ধান্ত অনুযায়ী প্রতীকী প্রণামি হিসেবে সংগৃহীত পুরো অর্থই রামমন্দির কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে।

শুক্রবার সংসদ চত্বরে রামমন্দিরের প্রণামি চুরি নিয়ে একটি প্রতীকী পথনাটিকা মঞ্চস্থ করেছিলেন বিহারের নির্দল সাংসদ পাপ্পু যাদব ও বিরোধী জোটের কয়েকজন সাংসদ।

সেই নাটক ঘিরে রাজনৈতিক বিতর্কের পাশাপাশি তাঁর বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে এফআইআরও দায়ের হয়েছে। তবে সোমবারের কর্মসূচিতে কোনো নাট্যাভিনয় হয়নি; শুধুমাত্র প্রণামি বাক্সে জমা হওয়া অর্থ গণনা করা হয়।

এদিকে প্রণামি চুরির বিষয়টি সংসদে আলোচনার দাবিও তুলেছে বিরোধীরা। লোকসভার স্পিকার ওম বিড়লার ডাকা কার্যবিবরণী বৈঠকে সমাজবাদী পার্টির সাংসদ ধর্মেন্দ্র যাদব এ বিষয়ে আলোচনার দাবি জানালেও, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু স্পষ্ট করে দেন যে এই বিষয়ে আলোচনা হবে না।

অন্যদিকে, দিল্লি ও পাটনায় ছাত্র-যুব আন্দোলনে পুলিশের পদক্ষেপের প্রতিবাদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবিও জোরদার করেছে বিরোধীরা।

লোকসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখানোর পাশাপাশি সংসদ চত্বরে প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বেও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।

বিরোধীদের লাগাতার বিক্ষোভের জেরে সোমবার একাধিকবার লোকসভার অধিবেশন মুলতুবি করতে হয়। হট্টগোলের মধ্যেই সরকার 'দ্য ইন্ডিয়ান স্ট্যাটিস্টিকাল ইনস্টিটিউট বিল', 'দ্য ব্যাংকারস বুকস এভিডেন্স বিল' এবং 'দ্য সুপ্রিম কোর্ট (নাম্বার অব জাজেস) সংশোধনী বিল' পেশ করে। বিরোধীদের অভিযোগ, পর্যাপ্ত আলোচনা ছাড়াই সুপ্রিম কোর্ট সংশোধনী বিলটি মাত্র কয়েক মিনিটের মধ্যে পাস করানো হয়েছে। পাশাপাশি আইএসআই-সংক্রান্ত বিলের বিরুদ্ধেও আপত্তি জানিয়েছে তৃণমূল কংগ্রেস।