পুবের কলম, ওয়েবডেস্ক: দিল্লির সরকারি বাসভবনে আয়োজিত একটি সংবাদ সম্মেলনের সময় হামলার মুখে পড়েছেন বিহারের পুর্ণিয়া কেন্দ্রের নির্দল সাংসদ পাপ্পু যাদব। এই ঘটনায় তাঁকে খুনের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে দাবি করে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। সাংসদের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই একটি এফআইআর রুজু করে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রবিবার বিকেল আনুমানিক ৬টা নাগাদ দিল্লির এমপি বাংলোয় একটি সংবাদ সম্মেলন করছিলেন পাপ্পু যাদব। সেই সময় ৪-৫ জন দুষ্কৃতীর একটি দল সেখানে ঢুকে পড়ে এবং হট্টগোল শুরু করে।
অভিযোগ, তাদের মধ্যে সুমিত নামে এক ব্যক্তি সাংসদকে লক্ষ্য করে জুতো ছুঁড়ে মারে। রাম মন্দির ট্রাস্টের দান সংক্রান্ত বিষয়ে সংসদে পাপ্পু যাদবের সাম্প্রতিক একটি মন্তব্যকে কেন্দ্র করে সাধু-সন্তদের অবমাননা করা হয়েছে—এই অভিযোগে ওই ব্যক্তি ক্ষুব্ধ ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছে।আরও পড়ুন:
সাংসদের অভিযোগ, দুষ্কৃতীরা কেবল হট্টগোলই করেনি, বরং তাঁর ওপর ছুরি নিয়ে হামলা চালানোর চেষ্টা করেছিল। তাঁকে বাঁচাতে গিয়ে তাঁর নিরাপত্তা দলের দুই সদস্য আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকেই অভিযুক্তকে আটক করে।
পরবর্তীতে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি উত্তরপ্রদেশের বুলন্দশহরের বাসিন্দা।আরও পড়ুন:
অভিযোগপত্রে পাপ্পু যাদব দাবি করেছেন, তাঁর প্রাণনাশের পেছনে একটি গভীর ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্র রয়েছে। তিনি পুলিশের কাছে তাঁর বাসভবনের সিসিটিভি ফুটেজ ও ভিডিও প্রমাণ বাজেয়াপ্ত করার আর্জি জানিয়েছেন। দুষ্কৃতীরা তাঁর বাড়ির বাইরে দাঁড়িয়ে "পাপ্পু যাদবকে বাইরে বের করো, ওকে মেরে ফেলা হবে" বলে চিৎকার করছিল। শুধু তা-ই নয়, তাঁকে হত্যা করতে পারলে ৫১ লাখ টাকার পুরস্কার দেওয়ার কথা বলা হয়েছে বলেও তিনি অভিযোগে উল্লেখ করেছেন।