পুবের কলম, ওয়েবডেস্ক: মিডল ইস্টের চলমান অস্থিরতা ও ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে ইরানে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে অভিজ্ঞ কূটনীতিবিদ বিশ্বেশ নেগিকে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়। বিশ্বেশ নেগি ২০০২ ব্যাচের ইন্ডিয়ান ফরেন সার্ভিস অফিসার। বর্তমানে তিনি বিদেশ মন্ত্রকে জয়েন্ট সেক্রেটারি পদে দায়িত্ব পালন করছেন। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শীঘ্রই তিনি ইরানে নিজের নতুন পদের দায়িত্বভার গ্রহণ করবেন।
এক সরকারি বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানায়, "বর্তমানে মন্ত্রকের যৌথ সচিব পদে কর্মরত বিশ্বেশ নেগিকে ইসলামিক রিপাবলিক অফ ইরানে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করা হয়েছে।"উল্লেখ্য, পশ্চিম এশিয়ার পরিস্থিতি বিগত কয়েক সময় ধরে অত্যন্ত উত্তপ্ত ও জটিল রূপ ধারণ করেছে। গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েল জোট ইরানে সামরিক হামলা চালানোর পর এবং জবাবে ইরান পাল্টা আক্রমণ শুরু করার পর থেকে সমগ্র মধ্যপ্রাচ্য জুড়ে চরম অস্থিরতা বিরাজ করছে। এই কঠিন পরিস্থিতিতে ইরানে ভারতের রাষ্ট্রদূতের পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভারত সরকার শুরু থেকেই নিজেদের নীতি স্পষ্ট করে জানিয়েছে যে, এই অঞ্চলে শান্তি ও স্থায়িত্ব ফিরিয়ে আনার জন্য একমাত্র পথ হলো পারস্পরিক আলোচনা ও কূটনৈতিক সমাধান। নতুন রাষ্ট্রদূত হিসেবে বিশ্বেশ নেগির নিয়োগ এই অঞ্চলে ভারতের কূটনৈতিক ভারসাম্য রক্ষা ও দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।