পুবের কলম ওয়েব ডেস্ক:  গ্রেপ্তার হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের পুত্র তথা বর্তমান বিরোধী দলনেতা উদয়নিধি স্ট্যালিন। মঙ্গলবার সকালে চেন্নাই পুলিশ তাঁর বাসভবন থেকে তাঁকে গ্রেপ্তার করে। জানা গিয়েছে, গত সোমবার এক জনসভায় মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়ের বান্ধবী তথা জনপ্রিয় অভিনেত্রী তৃষাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগেই তাঁর বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

ঘটনার সূত্রপাত সোমবার কাবেরী নদীর জলবণ্টন ইস্যুকে কেন্দ্র করে আয়োজিত একটি প্রতিবাদ কর্মসূচিতে।

সেখানে মুখ্যমন্ত্রী বিজয়ের নীরবতা নিয়ে কড়া সমালোচনা করছিলেন উদয়নিধি। অভিযোগ, সেই সময় ভিড়ের মধ্যে থেকে কেউ একজন তৃষার নাম ধরে চিৎকার করলে উদয়নিধি একটি অত্যন্ত ইঙ্গিতপূর্ণ ও দ্বি-অর্থবোধক মন্তব্য করেন, যা সরাসরি ওই অভিনেত্রীকে উদ্দেশ্য করেই করা হয়েছিল। এরপরেই মুখ্যমন্ত্রীর দল টিভিকে-র পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়।

 মহিলাদের প্রতি এমন নিম্ন রুচির মন্তব্যের অভিযোগ তুলে তারা জাতীয় মহিলা কমিশনে চিঠি দেয় এবং পুলিশের কাছে এফআইআর দায়ের করে।

অভিযোগ দায়ের হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশি পদক্ষেপ করা হয়। তবে টিভিকে-র তরফে একটি বিবৃতি দিয়ে স্পষ্ট জানানো হয়েছে যে, এই পদক্ষেপ কোনও রাজনৈতিক প্রতিহিংসা নয়, বরং নারীসম্মান রক্ষার স্বার্থেই এই গ্রেপ্তারি।

অন্যদিকে, পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর উদয়নিধি স্ট্যালিন তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করে নিজের মন্তব্যের পক্ষেই সওয়াল করেছেন। পুলিশ ভ্যানে ওঠার সময় তিনি সংবাদমাধ্যমের কাছে দাবি করেন যে, তিনি কোনও ভুল বা আপত্তিকর কথা বলেননি এবং নিজের ভাষণে শুধুমাত্র বিজয়ের নামই উল্লেখ করেছিলেন। গোটা প্রক্রিয়াটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে তোপ দেগে তিনি আদালতের কাছে ন্যায়বিচার পাওয়ার আশা প্রকাশ করেছেন।