হরমুজ প্রণালিতে সাময়িক একক নৌপথ তৈরির লক্ষ্যে ওমানের সঙ্গে আলোচনা এগিয়ে চলছে বলে জানিয়েছে ইরান। তবে একই সঙ্গে তেহরান স্পষ্ট করেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোনো সরাসরি আলোচনা চলছে না।
আরও পড়ুন:
সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, একটি স্থায়ী সমঝোতা না হওয়া পর্যন্ত ইরান ও ওমানের নিজস্ব নৌপথ ব্যবহার করে একটি অস্থায়ী একক করিডর গড়ে তোলার বিষয়ে আলোচনা চলছে। ইরানের মতে, এই উদ্যোগ ভবিষ্যতে আঞ্চলিক উত্তেজনা কমানো এবং পারস্পরিক আস্থা তৈরির প্রথম ধাপ হতে পারে।
আরও পড়ুন:
এদিকে কূটনৈতিক তৎপরতার পাশাপাশি সামরিক প্রস্তুতিও অব্যাহত রেখেছে তেহরান। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড (আইআরজিসি) জানিয়েছে, দেশের নিরাপত্তার বিরুদ্ধে যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক ও কঠোর প্রতিক্রিয়া জানাতে তারা সম্পূর্ণ প্রস্তুত।
আরও পড়ুন:
অন্যদিকে, হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে মার্কিন বাহিনীও সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড।
আরও পড়ুন:
কূটনৈতিক সূত্রের দাবি, কাতার, পাকিস্তান ও ওমানসহ কয়েকটি আঞ্চলিক দেশ উত্তেজনা প্রশমনে নেপথ্যে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে ইরান পুনর্ব্যক্ত করেছে, বর্তমান পরিস্থিতিতে ওয়াশিংটনের সঙ্গে সরাসরি কোনো সংলাপের প্রশ্নই উঠছে না।