পুবের কলম ওয়েব ডেস্ক: পশ্চিম এশিয়ায় বিগত পাঁচ মাস ধরে চলা সংঘাত ও অস্থির পরিস্থিতির মাঝেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আচমকা ফোন করলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, এই ফোনালাপে মূলত আঞ্চলিক পরিস্থিতি এবং দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
আরও পড়ুন:
প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতি অনুযায়ী, দুই রাষ্ট্রনেতা ভারত ও ইজরায়েলের বিশেষ কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করেছেন। উভয় দেশের পারস্পরিক সুবিধার জন্য প্রতিরক্ষা, কৃষি, প্রযুক্তি, উদ্ভাবন, জল ব্যবস্থাপনা, সাইবার নিরাপত্তা এবং বাণিজ্যের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে সহযোগিতা আরও বৃদ্ধি করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন তাঁরা। পাশাপাশি, আগামী দিনেও নিজেদের মধ্যে নিয়মিত যোগাযোগ বজায় রাখার বিষয়ে সহমত পোষণ করেছেন মোদি ও নেতানিয়াহু।
তবে, পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে তাঁদের মধ্যে ঠিক কী আলোচনা হয়েছে, তার বিস্তারিত কোনও বিবরণ পিএমও-র তরফে প্রকাশ করা হয়নি।আরও পড়ুন:
বর্তমানে খাতায়কলমে ইজরায়েল ও হামাসের মধ্যে সংঘর্ষবিরতি চললেও, সম্প্রতি গাজায় ইজরায়েলি হামলায় দুই শিশু-সহ চারজনের মৃত্যু হয়েছে। এর সমান্তরালে ইরান ও আমেরিকার মধ্যেও উত্তেজনা অব্যাহত। ২৮ ফেব্রুয়ারি তেহরানে হামলার ঘটনার পর সাময়িক যুদ্ধবিরতি হলেও পরিস্থিতি এখনও শান্ত নয়। ইজরায়েলের সামরিক অভিযানের মূল নিশানায় এখন দক্ষিণ লেবানন এবং ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ, যেখান থেকে নতুন করে যুদ্ধের আঁচ ছড়াতে শুরু করেছে।
ওয়াকিবহাল মহলের মতে, পশ্চিম এশিয়ায় এই ক্রমবর্ধমান উত্তেজনার আবহে নরেন্দ্র মোদি ও বেঞ্জামিন নেতানিয়াহুর এই কথোপকথন অত্যন্ত তাৎপর্যপূর্ণ।