পুবের কলম ওয়েব ডেস্ক: দেশত্যাগের দুই বছর পূর্তিতে আগামী ডিসেম্বরেই বাংলাদেশে ফেরার হুঁশিয়ারি দিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিল্লিতে আয়োজিত তাঁর এই ভার্চুয়াল অনুষ্ঠান শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক শাকিব আল হাসানের পৈতৃক বাড়িতে পেট্রল বোমা হামলা চালাল দুষ্কৃতীরা। বুধবার রাতের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গিয়েছে, বুধবার শেখ হাসিনার ওই ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাকিব নিজেও। অনুষ্ঠান শেষ হওয়ার ঘণ্টাখানেক পর, বাংলাদেশ সময় রাত পৌনে ৯টা নাগাদ মাগুরা শহরের কেশাম্বর এলাকায় ক্রিকেটারের বাড়ি লক্ষ্য করে হামলা হয়।

পেট্রল বোমা ছোড়ার পাশাপাশি বাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়ারও চেষ্টা করে হামলাকারীরা। লাগাতার ইট-পাথর ছোড়ার ফলে বাড়ির দরজা ও জানলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার এই মুহূর্তের ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। তবে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে, এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ হতাহত হননি। কারা এই হামলা চালিয়েছে তা এখনও স্পষ্ট না হলেও, শাকিবের বাড়িতে বর্তমানে কড়া নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে।

এই হামলার কড়া নিন্দা করে একটি বিবৃতি প্রকাশ করেছে আওয়ামি লিগ। তাদের অভিযোগ, বিএনপি, জামাত এবং এনসিপি সংবাদমাধ্যমগুলিকে ভয় দেখিয়েছিল যাতে শেখ হাসিনার বক্তব্য সম্প্রচারিত না হয়। এরপরই দেশের এক জন ক্রিকেট আইকনের বাড়িতে এমন হামলা প্রমাণ করে দিচ্ছে যে, আওয়ামি লিগ কর্মীদের উপর দেশে কীরকম ধারাবাহিক অত্যাচার চালানো হচ্ছে।

উল্লেখ্য, ২০২৪ সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামি লিগের টিকিটে সাংসদ নির্বাচিত হয়েছিলেন শাকিব আল হাসান। কিন্তু মাত্র আট মাসের মাথায় সরকার পড়ে যাওয়ার পর তাঁর বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়। গত দুই বছর ধরে তিনি দেশে ফিরতে পারেননি, এমনকি দেশের মাটিতে খেলে ক্রিকেটকে বিদায় জানানোর স্বপ্নও তাঁর পূরণ হয়নি। এর মাঝেই তাঁর পৈতৃক ভিটেতে এই ভয়াবহ হামলার ঘটনা ঘটল।