উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়: বারুইপুরের সূর্যপুরে ঘটে যাওয়া নাবালিকা ধর্ষণকাণ্ডের পর থেকে নড়েচড়ে বসেছে বারুইপুর পুলিশ জেলা। প্রতিটি থানা এলাকায় বর্তমানে এই বিষয়ে জোরদার সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে। তারই ধারাবাহিকতায় জয়নগর থানার উদ্যোগে থানার অধীনে থাকা ১২টি গ্রাম পঞ্চায়েত এবং একটি পৌরসভা এলাকায় নারী সুরক্ষা ও সচেতনতা মূলক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

এই বিশেষ কর্মসূচির অঙ্গ হিসেবে জয়নগর থানার আইসি অমিত হালদারের উদ্যোগে জয়নগর শিবনাথ শাস্ত্রী সদনে আয়োজিত হলো নারী সুরক্ষা বিষয়ক একটি সচেতনতা সভা।

জয়নগর মজিলপুর পৌরসভার নাগরিকদের নিয়ে আয়োজিত এই গুরুত্বপূর্ণ সভায় পৌরসভার ১৪টি ওয়ার্ডের বহু মহিলারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়নগর থানার আইসি অমিত হালদার, এসআই শুক্রানুর সাহা, এসআই রাজীব সাউ, বিজেপির জয়নগর তিন নম্বর মন্ডল সভাপতি শংকর চক্রবর্তী, জেলা মহিলা নেত্রী সুপর্ণা কুন্ডু সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং স্থানীয় বহু পৌরবাসী।

সভায় বক্তারা মাদক, মদ, জুয়া এবং ইভটিজিংয়ের মতো বিভিন্ন অসামাজিক কাজকর্ম বন্ধে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি, এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে পুলিশকে সর্বতোভাবে সহযোগিতা করার জন্য পৌরবাসীদের বিশেষ অনুরোধ করা হয়। নারী সুরক্ষা নিশ্চিত করতে আয়োজিত এই সভায় মহিলাদের উপস্থিতি ছিল বিশেষভাবে লক্ষ্যণীয়।