পুবের কলম, ওয়েবডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও সাময়িকভাবে মুছে ফেলার ঘটনায় মেটা প্রধান মার্ক জাকারবার্গকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার জন্য তিন দিনের আল্টিমেটাম দিল যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি। নির্ধারিত সময়ের মধ্যে ক্ষমা না চাওয়া এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মটির 'সেফ হারবার' সুরক্ষার অধিকার প্রত্যাহার করে নেওয়া হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের নেতৃত্বাধীন কমিটি।

'সেফ হারবার' সুরক্ষা প্রত্যাহার করা হলে সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মের কর্মকর্তাদের বিরুদ্ধে সরাসরি এফআইআর দায়ের করার আইনি পথ সুগম হবে। সংসদীয় কমিটির সভাপতি নিশিকান্ত দুবে বলেন, ১৪০ কোটি ভারতীয়র প্রতিনিধির ভিডিও মুছে ফেলা কেবল একটি প্রযুক্তিগত ত্রুটি নয়, বরং এটি গণতন্ত্রের ওপর আঘাত।

তিনি অভিযোগ করেন, মেটা এতদিন ধরে মধ্যস্থতাকারী হিসেবে পাওয়া সেফ হারবার সুরক্ষার অপব্যবহার করে আসছে। 

নিশিকান্ত দুবে বলেন, "আমরা তথ্যপ্রযুক্তি মন্ত্রক এবং স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি দিয়ে জানিয়েছি যে, প্রধানমন্ত্রীর ভিডিও মুছে ফেলা কোনো মধ্যস্থতাকারীর কাজ নয়, এটি একজন প্রকাশকের ভূমিকা। তাই মার্ক জাকারবার্গকে তিন দিনের মধ্যে ক্ষমা চাইতে হবে। তিনি ব্যর্থ হলে সামাজিক মাধ্যমগুলোকে দেওয়া সেফ হারবার সুরক্ষা বাতিল করা হবে।" বিজেপি সাংসদের কথায়, এই সুরক্ষা তুলে নেওয়া হলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পক্ষ থেকে মেটা প্রধানের বিরুদ্ধে দেশজুড়ে হাজার হাজার এফআইআর দায়ের হতে পারে, যা জাকারবার্গ ও মেটা কর্তৃপক্ষের জন্য গুরুতর আইনি সংকট তৈরি করবে।