ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘাতের তীব্রতা কমতে শুরু করায় ধীরে ধীরে নিজ নিজ বাড়িতে ফিরছেন লেবাননের বাস্তুচ্যুত মানুষ। জাতিসংঘ জানিয়েছে, যুদ্ধের কারণে ঘরছাড়া হওয়া ৮ লাখেরও বেশি মানুষ ইতোমধ্যে নিজ এলাকায় ফিরে গেছেন।

জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়কারী সংস্থা (ওসিএইচএ)-র সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ৩০ জুলাই পর্যন্ত অন্তত ৮ লাখ ২১ হাজার ৭৭ জন নিজ নিজ বসতবাড়িতে ফিরেছেন।

তবে পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। সংস্থাটির তথ্য বলছে, ৩ লাখ ৬০ হাজারেরও বেশি মানুষ এখনো বাস্তুচ্যুত অবস্থায় রয়েছেন। তাদের মধ্যে প্রায় ২৬ হাজার মানুষ বিভিন্ন সরকারি আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন।

জাতিসংঘের মতে, সংঘাত কমে আসায় প্রত্যাবাসন শুরু হলেও ক্ষতিগ্রস্ত এলাকায় নিরাপত্তা, অবকাঠামো পুনর্গঠন এবং প্রয়োজনীয় মানবিক সহায়তা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।