পুবের কলম ওয়েব ডেস্ক: দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বর্ষীয়ান অভিনেতা প্রদীপ সিংহ রাওয়াত। মঙ্গলবার সন্ধ্যায় মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই অম্বানী হাসপাতালে ৭৪ বছর বয়সে তাঁর জীবনাবসান হয়। এক মাসেরও বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। অভিনেতার আপ্তসহায়ক সিদ্ধার্থ তিওয়ারি জানিয়েছেন, নতুন করে রক্তের ক্যানসার ফিরে আসাতেই তাঁর মৃত্যু হয়েছে। প্রদীপ রাওয়াতের প্রয়াণে শোকাহত তাঁর স্ত্রী ও পুত্র বিক্রমাদিত্য।
আরও পড়ুন:
প্রায় চার দশকের দীর্ঘ অভিনয়জীবনে প্রদীপ রাওয়াত হিন্দি, তামিল, তেলুগু এবং নেপালি-সহ বিভিন্ন ভাষার ছবিতে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। ছোট পর্দায় বিআর চোপড়ার জনপ্রিয় ধারাবাহিক ‘মহাভারত’-এ অশ্বত্থামার চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি প্রথম দর্শকদের নজর কাড়েন। পরবর্তীতে বড় পর্দায় ‘লগান’, ‘সরফরোশ’, ‘গজ়নি’ এবং ‘রাউডি রাঠৌর’-এর মতো জনপ্রিয় ছবিতে খলনায়ক হিসেবে তাঁর দাপুটে অভিনয় তাঁকে নির্মাতাদের অন্যতম পছন্দের অভিনেতায় পরিণত করেছিল।
আরও পড়ুন:
তাঁর প্রয়াণের খবর সামনে আসতেই ভারতীয় সিনেমা জগতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ‘লগান’ ছবিতে তাঁর সহ-অভিনেতা যশপাল শর্মা সমাজমাধ্যমে শোকপ্রকাশ করে লিখেছেন যে, তাঁদের 'লগান'-এর দেবা আর নেই। পাশাপাশি, অগণিত অনুরাগী এবং চলচ্চিত্র জগতের বহু শিল্পী প্রয়াত অভিনেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।