পুবের কলম ওয়েব ডেস্ক: পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর মদতে পুষ্ট ন’জন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করল পঞ্জাব পুলিশ। পুলিশ সূত্রে খবর, সীমান্তে সন্ত্রাস এবং অস্থিরতা তৈরির লক্ষ্যে এদের দু’টি দলে ভাগ করে নিয়োগ করা হয়েছিল। ধৃতদের মধ্যে চার জন নাবালকও রয়েছে। পঞ্জাব পুলিশের ডিজি গৌরব যাদব জানিয়েছেন, ধৃতদের কাছ থেকে তিনটি পিস্তল, চারটি পেট্রল বোমা এবং ন’টি কার্তুজ উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এই জঙ্গিরা সরাসরি পাকিস্তান থেকে আইএসআই হ্যান্ডলারদের নির্দেশমতো কাজ করত। পুলিশ প্রথমে রাজাসান্সি এলাকা থেকে তিন নাবালক-সহ চার জনকে গ্রেফতার করে। এদের মধ্যে সুখমান সিংহ নামে এক অভিযুক্ত জেরায় স্বীকার করেছে, তাদের উপর দিল্লির যন্তর মন্তরে নিট পরীক্ষার্থীদের বিক্ষোভ চলাকালীন হামলার দায়িত্ব দেওয়া হয়েছিল। উত্তরপ্রদেশ থেকে এক সঙ্গীর মাধ্যমে অস্ত্র ও বিস্ফোরক জোগাড় করে তারা দিল্লিতে রেকিও করেছিল।

কিন্তু আঁটোসাঁটো নিরাপত্তার কারণে বাধ্য হয়ে সেই পরিকল্পনা বাতিল করে তারা পঞ্জাবে ফেরে। পঞ্জাবে ফিরে পুলিশের সদর দফতর এবং পুলিশ আধিকারিকদের গতিবিধির উপর নজর রাখার কাজ করছিল তারা। এর পাশাপাশি, স্থানীয় যুবকদের মগজধোলাই করে দলে টানা এবং অস্ত্র ও মাদক পাচারের কাজেও তারা যুক্ত ছিল।

প্রথম দলটিকে জেরা করে এবং সিসিটিভি ফুটেজের সূত্র ধরে তরণ তারণ ও অমৃতসর এলাকা থেকে দ্বিতীয় মডিউলের আরও পাঁচ জনকে গ্রেফতার করে পুলিশ। উল্লেখ্য, দিল্লি পুলিশ আগেই দাবি করেছিল যে যন্তর মন্তরের প্রতিবাদস্থলে বহু দুষ্কৃতী ঢুকে পড়েছিল। ‘ফেসিয়াল রিকগনিশন’ প্রযুক্তির সাহায্যে এমন প্রায় আড়াই হাজার জনকে চিহ্নিত করা হয়েছিল।