প্রশ্নফাঁস কাণ্ডকে কেন্দ্র করে দেশজুড়ে ছাত্র-যুব আন্দোলনের আবহে এবার নতুন প্রজন্মের সঙ্গে সরাসরি সংলাপের উদ্যোগ নিয়েছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। আগামী বৃহস্পতিবার মুম্বইয়ে ১৫ থেকে ১৯ বছর বয়সি ছাত্রছাত্রীদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। দেশজুড়ে শতাধিক শহর থেকে প্রায় দুই হাজার শিক্ষার্থীর এই অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে।

এই উদ্যোগকে স্বাগত জানালেও আলোচনায় নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে ভিন্ন মত প্রকাশ করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে।

মঙ্গলবার মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরে নিজের বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, তরুণদের সঙ্গে আলোচনা অবশ্যই ইতিবাচক পদক্ষেপ, তবে সেই আলোচনায় প্রতিনিধিত্ব করা উচিত তরুণ প্রজন্মেরই।

দিপকের বক্তব্য, সাম্প্রতিক ছাত্র-আন্দোলন দেশের শাসক ও নীতিনির্ধারকদের নতুন প্রজন্মের গুরুত্ব বুঝতে বাধ্য করেছে। তাঁর দাবি, আগে যাঁরা তরুণদের দাবি-দাওয়া উপেক্ষা করতেন, এখন তাঁরাই যুবসমাজের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করছেন।

তিনি বলেন, “আলোচনা হওয়াটা গুরুত্বপূর্ণ।

কিন্তু ৭০–৮০ বছর বয়সি নেতাদের পরিবর্তে যদি জেন জি-র প্রতিনিধিরাই তরুণদের সঙ্গে কথা বলেন, তাহলে সেই সংলাপ আরও ফলপ্রসূ হবে। তরুণদের সমস্যা, ভাবনা ও প্রত্যাশা সবচেয়ে ভালোভাবে বুঝতে পারেন তাঁরাই।”

দিপকের মতে, নতুন প্রজন্মকে কেবল বক্তব্য শোনানোর নয়, বরং তাদের নেতৃত্বকেও সামনে আনার সময় এসেছে। তরুণদের সঙ্গে তরুণদের সংলাপই ভবিষ্যতের জন্য বেশি অর্থবহ ও কার্যকর হবে বলেও মন্তব্য করেন তিনি।