মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্ধারিত সফরের কয়েক দিন আগে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে তাঁর গলফ ক্লাবের কাছ থেকে এক সশস্ত্র ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনাকে ঘিরে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তবে কর্তৃপক্ষ এখনও এটিকে ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনা হিসেবে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ বিভাগের তথ্য অনুযায়ী, গত রবিবার ট্রাম্প ন্যাশনাল গলফ ক্লাব এলাকা থেকে ৩৮ বছর বয়সী জিনাইন জন তায়েলেকে আটক করা হয়।

আগামী মঙ্গলবার রিপাবলিকান পার্টির একটি তহবিল সংগ্রহ অনুষ্ঠানে ট্রাম্পের ওই ক্লাবে যাওয়ার কথা ছিল। তদন্তকারীদের দাবি, তায়েলে ক্লাবের ছবি ও ভিডিও ধারণ করে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করছিলেন।

তল্লাশিতে পুলিশ তার পকেট থেকে ১৬ রাউন্ড গুলিভর্তি একটি ম্যাগাজিন উদ্ধার করে। পরে গলফ ক্লাবের পার্কিংয়ে রাখা তার গাড়ি থেকে একটি গুলিভর্তি পিস্তল এবং আরও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, পৃথক একটি ডাকাতির মামলায়ও তায়েলে আগে থেকেই এল সেগুন্ডো পুলিশ বিভাগের তদন্তাধীন ছিলেন।

পরে এফবিআইয়ের যৌথ সন্ত্রাসবাদবিরোধী টাস্কফোর্সের সহযোগিতায় ডাউনি এলাকায় তায়েলের বাড়িতে তল্লাশি চালানো হয়। সেখান থেকে একটি অবৈধভাবে পরিবর্তিত রাইফেল, আরও একটি পিস্তল, বুলেটপ্রুফ জ্যাকেট, উচ্চক্ষমতাসম্পন্ন ম্যাগাজিন, বিপুল পরিমাণ গুলি, রেডিও সিগন্যাল সরঞ্জাম এবং উদ্বেগজনক লেখা-সম্বলিত একটি নোটবুক উদ্ধার করা হয়েছে।

নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে ক্যালিফোর্নিয়া ও নেভাদায় প্রচারসূচির অংশ হিসেবে ট্রাম্পের এই সফর নির্ধারিত ছিল। গ্রেপ্তার হওয়া তায়েলেকে বর্তমানে জামিন ছাড়াই আটক রাখা হয়েছে। ঘটনার পেছনে কোনো ষড়যন্ত্র বা ট্রাম্পকে লক্ষ্য করে হামলার পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখছে এফবিআই ও স্থানীয় তদন্তকারী সংস্থাগুলো।