পুবের কলম ওয়েব ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি গুরুত্বপূর্ণ ভিডিয়ো বার্তা ফেসবুক থেকে সাময়িকভাবে মুছে যাওয়ার ঘটনায় কড়া অবস্থান নিল কেন্দ্রীয় সরকার। এই ঘটনার প্রেক্ষিতে মাত্র এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বার ফেসবুকের নিয়ন্ত্রক সংস্থা মেটার ‘গ্লোবাল পাবলিক পলিসি’ প্রধান জোয়েল কাপলানকে তলব করল তথ্য ও প্রযুক্তি মন্ত্রক। জানা গিয়েছে, আগামী বুধবার আলোচনার জন্য তাঁকে ডাকা হয়েছে। পাশাপাশি, ওই বৈঠকে ইনস্টাগ্রামের প্রযুক্তি বিভাগের পদস্থ আধিকারিকদেরও উপস্থিত থাকতে বলা হয়েছে।

সরকারি সূত্র মারফত খবর, সমাজমাধ্যমে কেন্দ্রীয় সরকার-বিরোধী পোস্টগুলি কীভাবে অত্যন্ত দ্রুতগতিতে এবং বৃহত্তর পরিসরে ছড়িয়ে পড়ছে, সে বিষয়ে দিল্লির কাছে একাধিক অভিযোগ এসেছে।

মূলত এই বিষয়টি খতিয়ে দেখতেই মেটার অ্যালগরিদম ঠিক কীভাবে কাজ করে, তা সরাসরি ওই প্রযুক্তি আধিকারিকদের কাছ থেকে বিশদে বুঝতে চাইছে কেন্দ্র।
এর আগে ককরোচ জনতা পার্টির (সিজেপি) লাগাতার ছাত্রবিক্ষোভের আবহে দেশে প্রশ্নফাঁস রুখতে কঠোর আইন আনার কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। দেশের যুবসমাজের উদ্দেশে তাঁর সেই বার্তার ভিডিয়োটি মাঝরাতে সমাজমাধ্যমে পোস্ট করা হয়। কিন্তু কিছু সময়ের জন্য ফেসবুক থেকে সেটি উধাও হয়ে যায়। সেই সময় ক্যাপশনটি ঠিক থাকলেও ভিডিয়োর স্থানে একটি বার্তা দেখাচ্ছিল, যেখানে লেখা ছিল আইনি অনুরোধের কারণে ভারতে পোস্টটি দেখা যাচ্ছে না।
যদিও পরে সেটি আবার ফিরিয়ে আনা হয়। 

মেটার এক মুখপাত্র বিবৃতি দিয়ে এই ঘটনার জন্য ক্ষমা চেয়ে জানান, সম্পূর্ণ প্রযুক্তিগত ত্রুটির কারণেই ভুলবশত ভিডিয়োটি মুছে গিয়েছিল। তবে মেটার এই ‘প্রযুক্তিগত সমস্যা’র যুক্তিতে একেবারেই সন্তুষ্ট নয় কেন্দ্রীয় সরকার। সরকারি মহলের দাবি, এই ব্যাখ্যার মধ্যে যথেষ্ট যুক্তি নেই। তাই বিষয়টি নিয়ে মেটার শীর্ষ আধিকারিকদের সঙ্গে আরও বিস্তারিত কথা বলতে চায় কেন্দ্র। সূত্রের খবর, বুধবারের তলবে প্রযুক্তিগত অ্যালগরিদম নিয়ে আলোচনার পাশাপাশি প্রধানমন্ত্রীর ভিডিয়ো মুছে যাওয়ার মতো গুরুতর গাফিলতির জন্য মেটাকে লিখিতভাবে ক্ষমা চাইতে বলা হতে পারে। একইসঙ্গে, ওই প্রযুক্তিগত ত্রুটি ঠিক কী ছিল, তার বিস্তারিত লিখিত ব্যাখ্যাও সংস্থাকে জমা দিতে হতে পারে বলে জানা গিয়েছে।