পুবের কলম ওয়েব ডেস্ক: দেশের অন্যতম শীর্ষস্থানীয় এফএমসিজি সংস্থা ডাবর ইন্ডিয়ার বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করল ভারতের খাদ্য নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা বা এফএসএসএআই । বিভ্রান্তিকর লেবেলিং এবং বিজ্ঞাপনের অভিযোগে ডাবরকে তাদের মধু, গোরুর ঘি, নারকেলের জল-সহ একাধিক নির্দিষ্ট খাদ্যপণ্যের বিক্রি অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। ফুড সেফটি কর্তৃপক্ষের অভিযোগ, ডাবরের বিভিন্ন পণ্যের গায়ে '১০০% বিশুদ্ধ', '১০০% প্রাকৃতিক' বা '১০০% অর্গানিক'-এর মতো যে দাবিগুলি করা হয়েছে, বাস্তবে তা যাচাই করা সম্ভব নয় এবং এটি পরোক্ষভাবে ক্রেতাদের ভুল পথে চালিত করছে।
আরও পড়ুন:
এফএসএসএআই-এর নিষেধাজ্ঞার তালিকায় থাকা ডাবরের পণ্যগুলির মধ্যে উল্লেখযোগ্য হল মধু, গোরুর দুধ থেকে তৈরি ঘি, অ্যাপল সিডার ভিনিগার, ভার্জিন কোকোনাট অয়েল, তিলের তেল, নারকেলের জল এবং নারকেলের দুধ। নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, ২০১৮ সালের খাদ্য নিরাপত্তা ও বিজ্ঞাপন বিধিমালা লঙ্ঘন করে ডাবর হিমালয়ান অর্গানিক অ্যাপল সিডার ভিনিগার এবং ডাবর অর্গানিক মধুর প্যাকেটে বৈধ অর্গানিক সার্টিফিকেশন বা অনুমোদন ছাড়াই 'জৈবিক ভারত' লোগো ব্যবহার করা হয়েছে।
এছাড়া ডাবর হোমমেড কোকোনাট মিল্ক একটি যৌগিক খাদ্যপণ্য হওয়া সত্ত্বেও নিয়মের তোয়াক্কা না করে তাতে '১০০% বিশুদ্ধ' দাবি করা হয়েছে।আরও পড়ুন:
এর আগেও লেবেল সংশোধনের জন্য সংস্থাকে নোটিস পাঠানো হয়েছিল, কিন্তু সদর্থক পদক্ষেপ না মেলায় এবার এই কড়া নির্দেশিকা জারি করা হল। খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী, অবিলম্বে বাজার থেকে এই চিহ্নিত পণ্যগুলির বিক্রি বন্ধ করতে হবে এবং আগামী ১৫ দিনের মধ্যে ডাবরকে একটি অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দিতে হবে। এই নোটিসের প্রেক্ষিতে ডাবর ইন্ডিয়া লিমিটেড তাদের অবস্থান স্পষ্ট করে জানিয়েছে যে, তারা কখনও ইচ্ছাকৃতভাবে ক্রেতাদের বিভ্রান্ত করেনি এবং তাদের পণ্যের গুণমান বা বিশুদ্ধতা নিয়ে তারা সম্পূর্ণ আস্থাশীল।দীর্ঘদিনের প্রচলিত রীতি মেনেই ওই লেবেলগুলি তৈরি করা হয়েছিল। তবে একটি দায়িত্বশীল কর্পোরেট সংস্থা হিসেবে তারা এফএসএসএআই-এর নির্দেশিকা মেনে ইতিমধ্যেই প্যাকেজিং, বিজ্ঞাপন এবং ওয়েবসাইট থেকে '১০০%' লেখাটি সরিয়ে ফেলে নতুন লেবেল তৈরির কাজ শুরু করে দিয়েছে।