পুবের কলম ওয়েব ডেস্ক: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগের এক নেতাকে খুন করার অভিযোগ উঠল।  নদীর চরের জমির অধিকার নিয়ে দীর্ঘদিনের বিবাদের জেরে বাংলাদেশের বগুড়ায় ওই নেতাকে পিটিয়ে খুনের ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত নেতার নাম মোখলেছুর রহমান ওরফে মোসলেম প্রামাণিক (৬২)। তিনি কাজলা ইউনিয়ন আওয়ামি লিগের ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি ছিলেন।

এই হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ ইতিমধ্যেই ছয় জনকে আটক করেছে।

স্থানীয় ও পুলিশ প্রশাসন সূত্রে খবর, মোখলেছুর রহমান একসময় সেনাবাহিনীতে কর্মরত ছিলেন এবং পরে তিনি সক্রিয় রাজনীতিতে যোগ দেন। বেশ কিছু দিন ধরেই নদীর চরের একটি জমিকে কেন্দ্র করে এলাকার বাসিন্দা নান্টু সরকারের সঙ্গে তাঁর তীব্র বিরোধ চলছিল। গত সোমবার রাত আটটা নাগাদ বাজার থেকে বাড়ি ফেরার পথে কাজলা ইউনিয়নের যমুনার চরে তাঁর পথ আটকায় কয়েকজন।

অভিযোগ, নান্টুর নেতৃত্বেই মোখলেছুরকে সেখানে বেধড়ক মারধর করা হয়।

মারধরের পর গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয়। সারিয়াকান্দি থানার ওসি আসাদুজ্জামান জানিয়েছেন, নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ইতিমধ্যেই ওই হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জমি বিবাদের কারণেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। মারধরে নেতৃত্ব দেওয়ার অভিযোগে নান্টু-সহ মোট ছয় জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।