পুবের কলম, ওয়েবডেস্ক: কাভেরী নদী ও কৃষকদের অধিকার সংক্রান্ত প্রতিবাদ কর্মসূচিতে মহিলাদের নিয়ে আপত্তিকর ও ইঙ্গিতপূর্ণ মন্তব্যের অভিযোগে তামিলনাড়ুর প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধী দলনেতা উদয়নিধি স্ট্যালিনকে আটক করল পুলিশ। মঙ্গলবার সকাল আনুমানিক ১১টা নাগাদ তানজাবুর ও নীলঙ্করাই থানার যৌথ পুলিশ দল তাঁর চেন্নাইয়ের নীলঙ্করাই সংলগ্ন ইস্ট কোস্ট রোডের বাসভবন থেকে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেয়। সোমবার তানজাবুরে কাভেরী নদীর জল বণ্টন এবং কৃষকদের কল্যাণের দাবিতে আয়োজিত এক সমাবেশে বক্তব্য রাখার সময় এক জনপ্রিয় তামিল অভিনেত্রীর নাম তুলে বিতর্কিত ওই মন্তব্যটি করেন উদয়নিধি।
 
পুলিশ সূত্রে জানা গেছে, ওই বিতর্কিত মন্তব্যের কারণে ইতোমধ্যে রাজ্যজুড়ে উদয়নিধির বিরুদ্ধে অন্তত ৬টি এফআইআর রুজু করা হয়েছে।

ক্ষমতাসীন 'তামিলগা ভেট্রি কাজাগাম'-এর মহিলা শাখার এক নেত্রীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে তানজাবুরে প্রধান মামলাটি রুজু হয়। প্রতিবাদ সভায় উপস্থিত এক ব্যক্তি মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের সমালোচনা চলাকালীন এক অভিনেত্রীর নাম উচ্চারণ করলে উদয়নিধি দ্ব্যর্থবোধক ও কুরুচিকর মন্তব্য করেন বলে অভিযোগ। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার তামিলনাড়ুজুড়ে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করে টিভিকে কর্মী-সমর্থকেরা।
 
আটক হওয়ার মুহূর্তে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই পুলিশি পদক্ষেপকে 'কমেডি' বলে কটাক্ষ করেন ডিএমকে নেতা উদয়নিধি স্ট্যালিন।
তিনি বলেন, "আমি ২০ মিনিটেরও বেশি সময় ধরে কৃষক কল্যাণ ও কাভেরী নদীর জল নিয়ে কথা বলেছি। আমি যে কথা বলিনি, সেটাকেই বিকৃত করে মানুষের নজর ঘোরাতে রাজ্য সরকার এই পথ বেছে নিয়েছে। শুধু আমি নই, আমাদের দলের সাধারণ একজন কর্মীও এই গ্রেফতারিতে ভয় পাবে না। আমরা আইনিভাবেই এর লড়াই লড়ব।"