চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে কলকাতা হাই কোর্টে আবেদন করেও স্বস্তি পেলেন না তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্য তাঁর আবেদন খারিজ করে এসএসকেএম হাসপাতালে চিকিৎসার নির্দেশ দেন। পাশাপাশি অভিষেকের শারীরিক অবস্থা পরীক্ষা করতে একটি বিশেষ মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশও দেয় আদালত। ওই বোর্ডকে শুক্রবারের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

শুনানিতে অভিষেকের আইনজীবী জানান, তাঁর মক্কেল বিদেশে গিয়ে চিকিৎসা চালিয়ে যেতে চান, যাতে চিকিৎসা প্রক্রিয়ায় কোনও বিঘ্ন না ঘটে।

তবে আদালত স্পষ্ট জানিয়ে দেয়, চিকিৎসা কোথায় হবে, তার চেয়ে আবেদনকারীর যথাযথ চিকিৎসা নিশ্চিত হওয়াই বেশি গুরুত্বপূর্ণ। আদালতের পর্যবেক্ষণ, চিকিৎসার প্রয়োজনীয়তা থাকলেও বিদেশে যাওয়ার অপরিহার্য কারণ এই মুহূর্তে প্রমাণিত হয়নি।

বিচারপতি আরও উল্লেখ করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। হেয়ার স্ট্রিট থানার একটি মামলাসহ আরও কয়েকটি বিষয়ে আদালতে শুনানি চলছে এবং বৃহস্পতিবার আরও তিনটি এফআইআর-সংক্রান্ত মামলার শুনানি নির্ধারিত রয়েছে। এই পরিস্থিতিতে বিদেশ সফরের অনুমতি দেওয়ার যথেষ্ট ভিত্তি আদালত খুঁজে পায়নি।

উল্লেখ্য, চোখের চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা চলমান থাকায় আদালতের অনুমতি ছাড়া দেশ ছাড়ার সুযোগ ছিল না। সেই কারণেই তিনি হাই কোর্টের দ্বারস্থ হন। এর আগে জুলাই মাসে একই মামলার শুনানিতে বিচারপতি প্রশ্ন তুলেছিলেন, বিদেশে না গিয়ে কলকাতার বিশেষায়িত হাসপাতালেই কেন চিকিৎসা সম্ভব নয়। প্রয়োজনে এসএসকেএম হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিক্যাল বোর্ড গঠনের কথাও সেদিন জানিয়েছিল আদালত।

পরে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেলেও সর্বোচ্চ আদালতের নির্দেশে মামলাটি ফের কলকাতা হাই কোর্টে ফিরে আসে। সর্বশেষ শুনানিতে হাই কোর্ট বিদেশযাত্রার আবেদন খারিজ করে এসএসকেএম হাসপাতালের মেডিক্যাল বোর্ডের পর্যবেক্ষণের ওপরই গুরুত্ব দিয়েছে।