পুবের কলম, ওয়েবডেস্ক: মধ্যপ্রদেশের ইন্দোরে এক ১৫ বছর বয়সী কিশোরীকে জাল নথিপত্রের সাহায্যে প্রাপ্তবয়স্ক দেখিয়ে ৩ লাখ টাকায় ‘বিয়ে’ দেওয়ার নামে পাচারের অভিযোগ সামনে এল। সোমবার এই চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বর ও তাঁর বাবা-সহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ইন্দোরের বানগঙ্গা থানা এলাকা থেকে ওই কিশোরী নিখোঁজ হওয়ার পর তদন্তে নেমে পুলিশ পুরো মানবপাচার চক্রের সন্ধান পায়।
বানগঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিয়ারাম গুর্জর জানান, তদন্তে উঠে এসেছে যে ভুক্তভোগী কিশোরীর প্রকৃত বয়স ১৫ বছর। কিন্তু তাঁকে ২১ বছর বয়সী হিসেবে উপস্থাপন করতে তাঁর পরিচয়পত্র জাল করে বয়স বাড়িয়ে দেওয়া হয়েছিল।
পুলিশ জানায়, অভিযুক্তরা নিজেদের ওই কিশোরীর আত্মীয় হিসেবে পরিচয় দেয় এবং বিয়ের সমস্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করে। বিনিময়ে বরের পরিবারের কাছ থেকে ৩ লাখ টাকা হাতিয়ে নেয় তারা। পরবর্তীতে উদ্ধার হওয়া ভুক্তভোগী কিশোরীর বয়ান এবং অন্যান্য প্রমাণের ওপর ভিত্তি করেই এই পুরো মানবপাচার চক্রটি উন্মোচিত হয়। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ইতিমধ্যেই বর, তাঁর বাবা এবং আরও দুই সহযোগীকে গ্রেফতার করেছে।