পুবের কলম ওয়েব ডেস্ক: গত ২০ জুলাই নিট দুর্নীতি বিরোধী 'চলো সংসদ' কর্মসূচি ঘিরে হওয়া অশান্তির প্রেক্ষিতে পুলিশ ও প্রশাসনকে আরও সংযমী হওয়ার বার্তা দিল সুপ্রিম কোর্ট। বুধবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ স্পষ্ট জানিয়েছে যে, ছাত্রবিক্ষোভ দমনে রাষ্ট্রের শক্তি প্রদর্শন বা বলপ্রয়োগ হিতে বিপরীত হতে পারে। এর বদলে আন্দোলনকারী তরুণদের অভাব-অভিযোগের কথা শোনা অনেক বেশি জরুরি।

আদালতের পর্যবেক্ষণ, বিক্ষোভ চলাকালীন আন্দোলনকারীদের একাংশ যদি বিপথে চালিত হয়ে পাথরও ছোড়েন, তবুও প্রশাসনের উচিত তাঁদের প্রতি আক্রমণাত্মক না হওয়া। তরুণ প্রজন্মের এই ধরনের আচরণের ক্ষেত্রে তাঁদের কথা শুনে শান্ত করা এবং সঠিক কাউন্সেলিং বা পরামর্শ দেওয়া বেশি প্রয়োজন।

বলপ্রয়োগ করলে পরিস্থিতি আরও হাতের বাইরে চলে যাওয়ার পাশাপাশি অশান্তি বৃদ্ধির আশঙ্কা থাকে বলে প্রধান বিচারপতি মন্তব্য করেছেন।

নিট বিক্ষোভ ঘিরে পুলিশের বিরুদ্ধে বাড়াবাড়ি এবং পাল্টা বাহিনীর উপর হামলার জোড়া অভিযোগ আগেই দায়ের হয়েছিল শীর্ষ আদালতে। এরই মাঝে মণীশকুমার সোলাঙ্কি নামে এক ব্যক্তি 'চলো সংসদ' কর্মসূচির আয়োজকদের বিরুদ্ধে পদক্ষেপের দাবিতে নতুন একটি মামলা দায়ের করেন। বুধবার আদালত এই মামলাটি গ্রহণ করে অন্যান্য মামলার সঙ্গেই শোনার সিদ্ধান্ত নিয়েছে। তবে বিক্ষোভকারীদের বিরুদ্ধে বলপ্রয়োগ না করার কথা বললেও, শেষ পর্যন্ত পুলিশকে ঠিক কী ভাবে পরিস্থিতি সামলাতে হবে, সেই চূড়ান্ত সিদ্ধান্ত বাহিনীর দক্ষতা ও অভিজ্ঞতার উপরেই ছেড়ে দিয়েছে দেশের শীর্ষ আদালত।