পুবের কলম ওয়েব ডেস্ক: রাজ্যের গ্রামীণ এলাকায় পরিবার পিছু ১২০০ টাকা পঞ্চায়েত কর ধার্য করার যে খবর সম্প্রতি ছড়িয়ে পড়েছিল, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানাল রাজ্য সরকার। এই জল্পনার অবসান ঘটিয়ে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে স্পষ্ট জানানো হয়েছে যে, কর বৃদ্ধির এমন কোনও সিদ্ধান্ত প্রশাসনের তরফে নেওয়া হয়নি। সাধারণ মানুষের উপর নতুন করে কোনও করের বোঝা চাপানো হচ্ছে না।

দপ্তর সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি ষোড়শ অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী একটি এসওপি বা নির্দেশিকা জারি করা হয়েছিল। সেই নির্দেশিকার ভুল ব্যাখ্যা করেই সোশ্যাল মিডিয়ায় এক শ্রেণির অসাধু মানুষ কর বৃদ্ধির এই ভুয়ো খবর রটিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করে।

বিষয়টি রাজ্য সরকারের নজরে আসামাত্রই ওই নির্দেশিকাটি প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর।

সরকারের তরফে সাধারণ মানুষকে আশ্বস্ত করে বলা হয়েছে, আগের নিয়মেই গ্রামীণ এলাকায় পঞ্চায়েত কর আদায় করা হবে। পুরনো নিয়মের কোনওরকম পরিবর্তন করা হয়নি। পাশাপাশি, রাজ্যবাসীকে এই ধরনের মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছে প্রশাসন। স্পষ্ট সতর্কবার্তায় বলা হয়েছে, সরকারি অনুমোদন ছাড়া কেউ বর্ধিত কর দাবি করলে তা সম্পূর্ণ বেআইনি বলে গণ্য হবে। আপাতত পুরনো পরিকাঠামো মেনেই পঞ্চায়েতের সমস্ত কাজকর্ম পরিচালিত হবে।