পুবের কলম ওয়েব ডেস্ক: পশ্চিমবঙ্গ বিধানসভার ইতিহাসে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল রাজ্য প্রশাসনিক মহল। কর্তব্যে চূড়ান্ত গাফিলতি এবং দায়িত্বজ্ঞানহীন আচরণের অভিযোগে রাজ্য বিধানসভার মার্শাল তথা সিকিউরিটি অফিসার দেবব্রত মুখোপাধ্যায়কে সাসপেন্ড করা হয়েছে। মঙ্গলবার বিধানসভার সচিব সমরেন্দ্রনাথ দাসের নির্দেশে এই প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, অভিযুক্ত মার্শালের বিরুদ্ধে ইতিমধ্যেই বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।

বিধানসভার দীর্ঘ ইতিহাসে কোনো মার্শালকে এভাবে সাসপেন্ড করার ঘটনা এই প্রথম।

বিধানসভার সচিবালয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি ১৮তম বিধানসভার নবনির্বাচিত বিধায়কদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের ওরিয়েন্টেশন বা পরিচিতি শিবিরের আয়োজন করা হয়েছিল। ওই বিশেষ কর্মসূচিতে উপস্থিত ছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। অভিযোগ রয়েছে, এমন একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বিধায়কদের সঙ্গে সমন্বয় রক্ষা এবং সামগ্রিক নিরাপত্তার দায়িত্বে থাকা সত্ত্বেও দেবব্রত মুখোপাধ্যায় তাঁর প্রত্যাশিত দায়িত্ব পালন করেননি।

এই গাফিলতি নজরে আসার পরই তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, রাজ্য সরকারি কর্মচারীদের শৃঙ্খলারক্ষা ও শাস্তিমূলক ব্যবস্থা সংক্রান্ত বিধির ১০ নম্বর ধারা অনুযায়ী মার্শাল সাসপেন্ড প্রক্রিয়া শুরু হয়েছে এবং ৭(১)(এ) ধারা মেনে তাঁকে অবিলম্বে সাসপেন্ড করা হয়েছে। গোটা বিষয়টি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিধানসভার স্পিকার রথীন্দ্র বসুকেও আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। বিধানসভার নিয়ম অনুযায়ী, সাসপেন্ড থাকাকালীন দেবব্রত মুখোপাধ্যায় তাঁর জীবনধারণের জন্য প্রাপ্য ন্যূনতম ভাতাটুকু পাবেন। এই আদেশের প্রতিলিপি ইতিমধ্যেই অর্থ দফতরসহ সংশ্লিষ্ট সমস্ত দফতরে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন সকলের নজর বিভাগীয় তদন্তের রিপোর্টের দিকে, কারণ অভিযোগ প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।