পুবের কলম, বেঙ্গালুরু: বাবা-মা মোবাইল ফোন কিনে দিতে অপরাগতা প্রকাশ করায় অভিমানে আত্মহত্যার পথ বেছে নিল ১৩ বছর বয়সী এক বালক। গত সোমবার কর্ণাটকের হাসান শহরের উপকণ্ঠে ইয়েদিইউরু গ্রামে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে। মৃতের নাম জানা যায়নি, তবে সে স্থানীয় নির্মাণশ্রমিক দম্পতি শ্রীনিবাস ও গৌরম্মার সন্তান ছিল। পুলিশ সূত্রে জানা গেছে, ওই বালক চিত্রদুর্গের একটি স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ত।
শনিবারই সে ইয়েদিইউরু গ্রামে বাবা-মায়ের কাছে ফিরেছিল। তার বাবা-মা পেশায় দিনমজুর হওয়ায় গ্রামের একটি অস্থায়ী শেডে বসবাস করছিলেন।আরও পড়ুন:
পুলিশ জানিয়েছে, গ্রামে আসার পর থেকেই বালকটি তার বাবা-মায়ের কাছে একটি মোবাইল ফোন কিনে দেওয়ার জন্য জেদ করছিল। কিন্তু চরম আর্থিক অনটনের কথা জানিয়ে তার বাবা আপাতত ফোন কিনে দিতে অস্বীকার করেন।
পারিবারিক সূত্রে খবর, বাবা-মায়ের এই প্রত্যাখ্যানে তীব্র ক্ষুব্ধ ও মানসিক হতাশাগ্রস্ত হয়ে পড়ে ওই বালক। এরপর শেডের ভেতরেই শাড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করে বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে হাসান বাদাভানে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এই মর্মান্তিক ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে।