পুবের কলম ওয়েব ডেস্ক: ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় কলকাতা হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। আগামী সপ্তাহে শীর্ষ আদালতে এই আবেদনটির শুনানি হতে পারে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন:
নদিয়ার হোগলবেড়িয়া থানায় দায়ের হওয়া ওই মামলায় এর আগে কলকাতা হাই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য তৃণমূল সাংসদকে সাময়িক রক্ষাকবচ দিয়েছিলেন। হাই কোর্টের নির্দেশ ছিল, আগামী ৫ অক্টোবর বা আদালতের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পুলিশ মহুয়া মৈত্রর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ গ্রহণ করতে পারবে না।
তবে একইসঙ্গে আদালত জানিয়েছিল যে, পুলিশের তদন্ত প্রক্রিয়া অব্যাহত থাকবে এবং সংসদের অধিবেশন শেষ হওয়ার পর আগামী ১৪ অগস্ট বিকেল তিনটের সময় তাঁকে তদন্তকারী আধিকারিকের সামনে সশরীরে হাজিরা দিতে হবে। তৃণমূল সাংসদকে তদন্তে পূর্ণ সহযোগিতা করার নির্দেশ দেওয়ার পাশাপাশি আদালত পুলিশ প্রশাসনকেও কড়া বার্তা দিয়েছিল। নির্দেশে স্পষ্ট বলা হয়েছিল, থানায় হাজিরা দিতে যাওয়ার সময় সাংসদকে যেন কোনওভাবেই হেনস্থার শিকার না হতে হয় এবং তাঁকে লক্ষ্য করে যাতে ডিম ছোড়ার মতো কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা পুলিশকেই সুনিশ্চিত করতে হবে।আরও পড়ুন:
এই আইনি জটিলতার সূত্রপাত গত ১ জুলাই।
ওই দিন নদিয়ায় একটি বিক্ষোভের মুখে পড়েছিলেন কৃষ্ণনগরের সাংসদ। অভিযোগ ওঠে, সেই সময় তাঁকে লক্ষ্য করে পাথর ও ডিম ছোড়া হয়। এই ঘটনার প্রেক্ষিতে বোরখা পরা নিয়ে মহুয়া মৈত্র একটি বিতর্কিত মন্তব্য করেছিলেন বলে অভিযোগ ওঠে এবং তার জেরেই ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে তাঁর বিরুদ্ধে হোগলবেড়িয়া থানায় মামলা রুজু হয়। হাই কোর্ট শর্তসাপেক্ষে রক্ষাকবচ দিলেও, পুলিশি হাজিরার নির্দেশকে চ্যালেঞ্জ করেই এবার দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।