পুবের কলম ওয়েব ডেস্ক: চলতি আগস্ট মাসের অন্নপূর্ণা যোজনার অনুদান এই মাসেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে। আগামী ১৫ আগস্টের পর থেকেই প্রকৃত প্রাপকদের অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে ঢুকতে শুরু করবে। অনুদান প্রদানের এই প্রক্রিয়া কোনোভাবেই সেপ্টেম্বর মাস পর্যন্ত বিলম্বিত হবে না বলে সরকারের তরফ থেকে নিশ্চিত করা হয়েছে। তবে অনলাইনে জমা পড়া আবেদনপত্রে বিস্তর গরমিল থাকায় বর্তমানে বিডিও স্তরে বিস্তারিত সমীক্ষার কাজ চলছে।
আরও পড়ুন:
বুধবার মার্চেন্টস চেম্বার অফ কমার্স এবং এমসিসিআই লেডিস ফোরামের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে নারী ও শিশুকল্যাণ মন্ত্রী মালতী রাভা রায় এই প্রকল্পের বিষয়ে সরকারের কড়া অবস্থান স্পষ্ট করেন। তিনি জানান, ভুল তথ্য প্রদানকারী বা অযোগ্য ব্যক্তিরা কোনোভাবেই এই টাকা পাবেন না। উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষকদের স্ত্রী অথবা আয়কর দাতাদের স্ত্রীরা কীসের ভিত্তিতে এই প্রকল্পের সুবিধা পাবেন, সেই প্রশ্নও তোলেন মন্ত্রী। পাশাপাশি প্রকৃত প্রাপকরা যাতে তাঁদের অধিকার থেকে বঞ্চিত না হন, সে বিষয়েও তিনি সকলকে সচেতন করেন।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অনলাইনে আবেদন করার সময় অনেকেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে অসত্য তথ্য দিয়েছেন। আবার অনেকে সাইবার ক্যাফে থেকে ফর্ম পূরণ করতে গিয়ে বেশ কিছু ভুলভ্রান্তি করেছেন।
আরও পড়ুন:
এছাড়া অনেকের ক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংযুক্তিকরণেও ত্রুটি পাওয়া গিয়েছে। এই সমস্ত প্রযুক্তিগত ও তথ্যগত সমস্যা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখে যোগ্য উপভোক্তাদের চিহ্নিত করতেই বিডিও অফিসগুলিকে কড়া তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। উপযুক্ত যাচাই পর্ব মিটলেই ধাপে ধাপে উপভোক্তাদের কাছে টাকা পৌঁছে যাবে।