পুবের কলম ওয়েব ডেস্ক: পশ্চিম অস্ট্রেলিয়ার উপকূলে ভারত মহাসাগরের বুকে ধরা পড়ল এক হৃদয়বিদারক দৃশ্য। মৃত সন্তানকে পিঠে নিয়ে টানা ৬ দিন ধরে সমুদ্রে ঘুরে বেড়াল এক শোকস্তব্ধ মা ডলফিন। ড্রোন ক্যামেরায় বন্দি হওয়া এই মর্মস্পর্শী দৃশ্য বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, যা দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন নেটিজেনরা।
আরও পড়ুন:
জানা গিয়েছে, সন্তানহারা ওই মা ডলফিনটির নাম ফ্র্যাগল। এর আগে তার প্রথম চারটি সন্তানের জন্মের পরপরই মৃত্যু হয়েছিল।
পঞ্চম সন্তানটি জন্মের পর বেঁচে গেলেও এক সপ্তাহের মাথায় তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে এবং মাত্র দু'সপ্তাহ বয়সে সে মারা যায়। চোখের সামনে পরপর সন্তান হারানোর এই শোক কিছুতেই মেনে নিতে পারেনি ফ্র্যাগল। তাই খাবারের খোঁজ না করে মৃত শাবককে নিজের পিঠে চাপিয়ে টানা ছ'দিন ধরে মহাসাগরের বুকে ভেসে বেড়ায় সে। এই যাত্রায় তার চারপাশে ঘুরতে দেখা যায় পরিবারের আরও ১৪ জন সদস্যকে।আরও পড়ুন:
পুরো ঘটনাটি 'জিওগ্রাফ মেরিন রিসার্চ লিমিটেড'-এর গবেষকদের নজরে এসেছে।
তাঁদের মতে, ডলফিন অত্যন্ত বুদ্ধিমান এবং পরিবারকেন্দ্রিক একটি জলজ প্রাণী। অন্যান্য প্রাণীদের তুলনায় এদের শোকপ্রকাশের অনুভূতিও অনেক প্রবল। বিশেষত, মা ও সন্তানের বন্ধন এদের মধ্যে অত্যন্ত নিবিড় হয়। গবেষকদের দাবি, মৃত সন্তানকে কাছছাড়া না করার এই প্রবণতা ডলফিনদের শোকপ্রকাশের একটি স্বাভাবিক আচরণ। ফ্র্যাগলের এই ঘটনাটি আরও একবার প্রমাণ করল যে, মানুষ হোক বা বন্যপ্রাণী সন্তান হারানোর যন্ত্রণা সব মায়ের কাছেই সমান।