পুবের কলম ওয়েব ডেস্ক: চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের পাঁচ স্তরের সবকটি নির্বাচন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশের পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রকের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে নিয়ে মন্তব্য করে তিনি জানান, তাঁর দেশে ফেরার কোনো সুযোগ নেই এবং দেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার করে জেলে যেতে হবে ও মামলার রায় কার্যকর করা হবে।
আরও পড়ুন:
বৃহস্পতিবার দুপুরে সিলেটের পারাইরচকে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) বর্জ্য ব্যবস্থাপনার সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, স্থানীয় সরকারের মোট পাঁচটি স্তর রয়েছে এবং এই সবকটি স্তরে নির্বাচন আয়োজন করতে সাড়ে পাঁচ থেকে ছয় হাজার কোটি টাকার প্রয়োজন হবে। নির্বাচন কমিশনের চাওয়া অনুযায়ী সদ্য পাস হওয়া জাতীয় বাজেটে এ বাবদ অর্থ বরাদ্দ রাখা হয়েছে এবং কমিশনও ভোটের প্রস্তুতি নিচ্ছে।
আরও পড়ুন:
তবে কোন স্তরের নির্বাচন আগে এবং কোনটি পরে অনুষ্ঠিত হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। নির্বাচন কমিশনের প্রস্তুতি, আন্তবিভাগের সম্মতি এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সমন্বয়ে বিষয়টি ঠিক করা হবে। এই লক্ষ্যে আগস্ট মাসের পর অর্থ মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও নির্বাচন কমিশন একসঙ্গে বৈঠকে বসে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তবে সরকার চলতি অর্থবছরের মধ্যেই সকল স্তরের নির্বাচন শেষ করতে চায়।
আরও পড়ুন:
পরিদর্শনের সময় প্রতিমন্ত্রীর সঙ্গে সিলেট-৩ আসনের সংসদ সদস্য এমএ মালেক, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীসহ সিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।