পুবের কলম, ওয়েবডেস্ক: ভোটের আগে বাংলাদেশের রাজনীতিতে বড় বার্তা দিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাঁর স্পষ্ট বক্তব্য, জনগণ চাইলে যে কেউ রাজনীতিতে ফেরার সুযোগ পেতে পারেন, এমনকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্তানরাও। শুক্রবার ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তারেক। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে যে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে, সেই প্রেক্ষিতেই তাঁর এই বক্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

জুলাই মাসের অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ কার্যত রাজনীতির বাইরে চলে যাওয়ায়, আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলির মতে বিএনপি সরকার গঠনের দৌড়ে এগিয়ে রয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে অংশ নিতে পারছে না আওয়ামী লীগ, ফলে রাজনৈতিক সমীকরণে বড় রদবদল ঘটেছে।

সাক্ষাৎকারে রয়টার্সের তরফে প্রশ্ন করা হয়— বিএনপি সরকার গঠন করলে শেখ হাসিনার সন্তান সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলের রাজনীতিতে ফেরার সুযোগ দেওয়া হবে কি না। উত্তরে তারেক রহমান বলেন,“যদি জনগণ কাউকে গ্রহণ করে, যদি মানুষ তাদের স্বাগত জানায়, তাহলে যে কারও রাজনীতি করার অধিকার রয়েছে।” এই মন্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক ও আলোচনা শুরু হয়েছে।