দক্ষিণ লেবাননে তল্লাশি অভিযানের সময় পুঁতে রাখা বিস্ফোরকে দুই ইসরায়েলি সেনা নিহত এবং আরও চারজন আহত হওয়ার ঘটনা ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনার পরই লেবাননের বিভিন্ন স্থানে পাল্টা বিমান হামলা চালায় ইসরায়েল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ওই হামলায় অন্তত একজন নিহত ও ১২ জন আহত হয়েছেন।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, একটি ভবনে নিরাপত্তা তল্লাশি চালানোর সময় লুকিয়ে রাখা বিস্ফোরক বিস্ফোরিত হলে ইসরায়েলি সেনাদের হতাহতের ঘটনা ঘটে। তবে বিস্ফোরকটি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে নাকি পরে পুঁতে রাখা হয়েছিল, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

ঘটনার পর ইসরায়েলি সামরিক বাহিনী প্রথমে এটিকে হিজবুল্লাহর পক্ষ থেকে যুদ্ধবিরতির ‘স্পষ্ট লঙ্ঘন’ বলে উল্লেখ করলেও পরে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎস নিহত সেনাদের স্মরণে দেওয়া বিবৃতিতে হিজবুল্লাহর নাম উল্লেখ করেননি। গত ২৮ জুনের পর দক্ষিণ লেবাননে এটিই প্রথম ইসরায়েলি সেনা নিহত হওয়ার ঘটনা।

এদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় তিবনিন শহরে অন্তত একজন নিহত এবং ১২ জন আহত হয়েছেন। হামলার আগে সংশ্লিষ্ট এলাকা খালি করার জন্য অনলাইনে সতর্কবার্তাও জারি করে ইসরায়েলি বাহিনী, যা গত এক মাসের বেশি সময়ের মধ্যে এ ধরনের প্রথম সতর্কতা।

সাম্প্রতিক এই সংঘাত দক্ষিণ লেবানন সীমান্তে যুদ্ধবিরতির স্থিতিশীলতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।