পুবের কলম, ওয়েবডেস্ক: লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নেতা নাইম কাসেম বলেছেন, ইসরায়েলের সঙ্গে সংঘাত আরও তীব্র হলেও তাদের সংগঠন কখনো আত্মসমর্পণ করবে না। সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আঞ্চলিক সংঘাত লেবাননে ছড়িয়ে পড়ার পর সোমবার দেওয়া এই ভাষণই ছিল তার প্রথম প্রকাশ্য বক্তব্য।
ভাষণে নাইম কাসেম বলেন, ২০২৪ সালের শেষ দিকে হওয়া যুদ্ধবিরতির চুক্তি হিজবুল্লাহ মেনে চললেও ইসরায়েল সেই চুক্তির কোনো ধারা মানেনি। তিনি জানান, তারা কূটনৈতিক সমাধানের পথ বেছে নিয়েছিল এবং এটিকে রাষ্ট্রের দায়িত্ব পালনের একটি সুযোগ হিসেবে দেখেছিল। তবে বারবার সতর্ক করার পরও পরিস্থিতির পরিবর্তন না হওয়ায় ধৈর্যের সীমা শেষ হয়ে এসেছে।
তিনি আরও বলেন, তাদের সিদ্ধান্ত হলো সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে হলেও শেষ পর্যন্ত প্রতিরোধ গড়ে তোলা। তার ভাষায়, “আমরা আত্মসমর্পণ করব না।”
এর আগে গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এরপর সোমবার হিজবুল্লাহ রকেট ও ড্রোন দিয়ে ইসরায়েলের বিভিন্ন স্থানে হামলা চালায়। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই হামলার জবাবে ইসরায়েল ব্যাপক বিমান হামলা চালিয়েছে এবং দক্ষিণ লেবাননে সেনা মোতায়েন করেছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো এলাকাজুড়ে, আর নিরাপত্তার খোঁজে লাখ লাখ সাধারণ মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

























