পুবের কলম, ওয়েবডেস্ক: ২০১৩ সালের এক সহকর্মীকে যৌন নিপীড়ন ও ধর্ষণের মামলায় প্রাক্তন 'তহেলকা' সম্পাদক তরুণ তেজপালকে দোষী সাব্যস্ত করল বোম্বে হাইকোর্টের গোয়া বেঞ্চ। বৃহস্পতিবার হাইকোর্ট ২০২১ সালে সেশন কোর্টের দেওয়া খালাসের রায় বাতিল করে এই ঐতিহাসিক নির্দেশ দেয়। গোয়া সরকারের আপিলের ভিত্তিতে বিচারপতি ড. নীলা গোখলে এবং বিচারপতি অমিত জামসানদেকরের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এই রায় ঘোষণা করেন।
প্রসঙ্গত, ২০১৩ সালের নভেম্বর মাসে গোয়ায় আয়োজিত ‘থিংকফেস্ট’ চলাকালীন একটি বিলাসবহুল হোটেলের লিফটের ভেতরে তরুণ তেজপাল তাঁরই এক জুনিয়র সহকর্মীকে যৌন নির্যাতন ও ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে।
হাইকোর্টে তেজপাল দোষী সাব্যস্ত হওয়ার পর তুষার মেহতা তাঁর অবিলম্বে গ্রেফতারের দাবি জানান। আদালতে সওয়াল করতে গিয়ে তিনি বলেন, "অভিযোগকারী নারী তাঁর মেয়ের বয়সী হওয়া সত্ত্বেও তিনি এই অপরাধ করেছেন। তেজপাল তাঁর কাছে পিতৃতুল্য ছিলেন এবং এই ধরনের অপরাধে লিপ্ত হওয়া তাঁর মোটেও উচিত হয়নি। আদালতের তরফ থেকে সমাজের কাছে একটি স্পষ্ট বার্তা যাওয়া প্রয়োজন যে—যখন কোনো নারী 'না' বলেন, তার অর্থ 'না'-ই।"
এদিকে দোষী সাব্যস্ত হওয়ার পর ৬২ বছর বয়সী তরুণ তেজপাল আদালতের কাছে লঘুদণ্ডের আবেদন জানান এবং নিজেকে এক ধরনের "শিকার" বা বলির পাঁঠা হিসেবে দাবি করেন।