পুবের কলম, লখনউ: লখনউ জেলা আদালত চত্বর সংলগ্ন সরকারি পথ ও গণব্যবহারের জমিতে বেআইনিভাবে নির্মিত চেম্বার ও দোকান নিয়ে কড়া অবস্থান নিল এলাহাবাদ হাইকোর্ট। চেম্বার ও দোকান খালি করতে ৭২ জন জবরদখলকারীকে শেষ সুযোগ দিল হাইকোর্ট। ৭২ জনের মধ্যে অধিকাংশ পেশায় আইনজীবী। আদালতের নির্দেশ, নির্দেশিত সময়ের মধ্যে নিজস্ব বৈধ দাবি প্রমাণ করতে ব্যর্থ হলে বা জায়গা খালি না করলে লখনউ পৌর নিগমকে সমস্ত অবৈধ নির্মাণ গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি রাজেশ সিং চৌহান এবং বিচারপতি রাজীব ভারতীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ লখনউ পৌর নিগমকে এক সপ্তাহের মধ্যে সমস্ত ৭২ জন জবরদখলকারীকে নতুন করে নোটিশ জারির নির্দেশ দিয়েছে।
আরও পড়ুন:
হাইকোর্ট জানিয়েছে, অভিযুক্তরা নোটিশ নিতে অস্বীকার করলে কর্তৃপক্ষকে ওই এলাকায় নোটিশ সেঁটে দিতে হবে। পাশাপাশি একটি হিন্দি ও একটি ইংরেজি দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে জবাব দেওয়া বা জায়গা খালি করার জন্য অন্তত ১০ দিনের সময় দিতে হবে। আদালত পর্যবেক্ষণে জানায়, "আমরা মনে করি, ওই সমস্ত জবরদখলকারীদের জায়গা খালি করার অথবা অবৈধ দখল বহাল রাখার স্বপক্ষে কোনো বৈধ দাবি থাকলে তা উপযুক্ত কর্তৃপক্ষকে জানানোর শেষ একটি সুযোগ দেওয়া উচিত। অন্যথায় সমস্ত বেআইনি দখল উচ্ছেদ বা ধ্বংস করা হবে।" যাতে আদালতের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত না হয়, সে কারণে কোনো একটি রবিবারে উচ্ছেদ অভিযান চালানোর পরামর্শ দিয়েছে আদালত।
উচ্ছেদ অভিযান নির্বিঘ্নে সম্পন্ন করতে লখনউয়ের পুলিশ কমিশনার, জেলা শাসক এবং পৌর কমিশনারকে যৌথভাবে সমন্বয় রেখে পর্যাপ্ত প্রশাসনিক ও পুলিশি নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।৪ আগস্ট মামলার শুনানিকালে লখনউ পৌর নিগমের আইনজীবী জানান, আদালতের আগের নির্দেশ মেনে ইতিমধ্যে ১০০টিরও বেশি অবৈধ চেম্বার ভেঙে ফেলা হয়েছে। তবে চিহ্নিত ৭২টি উচ্ছেদের মধ্যে কেবল ১৪টি কার্যকর করা সম্ভব হয়েছিল, কারণ আইনজীবীদের একাংশের বিক্ষোভের মুখে উচ্ছেদ অভিযান ব্যাহত হয়। পৌর নিগমের পক্ষ থেকে জানানো হয়, সঠিক নোটিশ পাঠানো সত্ত্বেও জবরদখলকারীরা স্থানটির ওপর নিজেদের অধিকারের কোনো বৈধ ব্যাখ্যা দিতে পারেননি। উপরন্তু, উচ্ছেদ করা কিছু জায়গায় আইনজীবীরা পুনরায় বসে অস্থায়ী চেম্বার তৈরি করেছেন। উপযুক্ত পুলিশ ও প্রশাসনিক সহায়তা ছাড়া আইনজীবীদের ক্ষোভ ও প্রতিবাদের মুখে এই উচ্ছেদ অভিযান চালানো সম্ভব নয় বলেও পৌর নিগম আদালতে স্বীকার করে।