পুবের কলম, ওয়েবডেস্ক: ব্যক্তিগত স্বাধীনতা ও নাগরিক অধিকার রক্ষায় এক যুগান্তকারী পর্যবেক্ষণ দিল ইলাহাবাদ হাইকোর্ট। আদালত স্পষ্ট জানিয়েছে, একজন প্রাপ্তবয়স্ক মহিলার সঙ্গে সম্মতিক্রমে লিভ-ইন সম্পর্কে থাকলে কোনো বিবাহিত পুরুষের বিরুদ্ধে ফৌজদারি মামলা চালানো যাবে না। উত্তরপ্রদেশের শাহজাহানপুরের এক যুগলের করা রিট পিটিশনের শুনানিতে এই রায় দেয় আদালত।
 
ঘটনার সূত্রপাত গত ৮ জানুয়ারি, ২০২৬ তারিখে।

উত্তরপ্রদেশের শাহজাহানপুরের জাইতিপুর থানায় ১৮ বছর বয়সী অনামিকার মা কান্তি দেবী একটি মামলা দায়ের করেন। তার অভিযোগ ছিল, নেত্রপাল নামে এক ব্যক্তি তার মেয়েকে ফুসলিয়ে নিয়ে গেছেন। নবগঠিত ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর ৮৭ নম্বর ধারায় এই মামলাটি নথিভুক্ত করা হয়েছিল। এরপরই নিজেদের সুরক্ষা এবং মামলাটি বাতিলের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হন অনামিকা ও নেত্রপাল।

 
বিচারপতি জেজে মুনির এবং বিচারপতি তরুণ সাক্সেনার ডিভিশন বেঞ্চ এই মামলার শুনানিতে জানায়, দুই প্রাপ্তবয়স্ক মানুষ যদি সম্মতির ভিত্তিতে একসঙ্গে থাকেন, তবে সেখানে কোনো 'অপরাধ' সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয় না। বিচারপতি বলেন, 'সামাজিক নৈতিকতা' বা 'জনমত' দিয়ে আদালতের সিদ্ধান্ত পরিচালিত হতে পারে না। আইন এবং নৈতিকতা দুটি আলাদা বিষয়। নাগরিকদের সাংবিধানিক অধিকার রক্ষা করাই আদালতের প্রধান কাজ। আদালত এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আগামী ৮ এপ্রিল।