লখনই: কাটল না আইনি জট। অস্বস্তি বাড়ল লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির। সাভারকরকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে মামলা দায়ের হয়েছিল কংগ্রেস নেতার বিরুদ্ধে। সেই মামলায় আইনি স্বস্তি চেয়ে আদালতের দারস্থ হয়েছিলেন তিনি। শুক্রবার তাঁর আর্জি খারিজ করে দিল এলাহাবাদ হাইকোর্ট।
অর্থাৎ আইনি স্বস্তি দিতে অস্বীকার করল আদালত।আরও পড়ুন:
প্রসঙ্গত, ২০২২ সালের ১৭ নভেম্বর মহারাষ্ট্রের আকোলা জেলায় ভারত জোড়ো যাত্রার সময় সাভারকরকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন রাহুল বলে অভিযোগ। সেই ঘটনায় মামলা গড়ায় আদালতে। কংগ্রেস নেতার বিরুদ্ধে দায়ের করা হয় মানহানির মামলা। সেই মামলায় রাহুল গান্ধিকে তলব করে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দারস্থ হন কংগ্রেস নেতা। শুক্রবার মামলার শুনানিতে আদালত বলে, তিনি (রাহুল গান্ধি) দায়রা আদালতে একটি পুনর্বিবেচনার আবেদন জানিয়ে পিটিশন দায়ের করতে পারেন। এই পরিস্থিতিতে উচ্চ আদালতের হস্তক্ষেপ অপ্রয়োজনীয়। এই মর্মে একটি নির্দেশ জারি করেছেন সিঙ্গল বেঞ্চের বিচারপতি সুভাষ বিদ্যার্থী।আরও পড়ুন:
এদিকে বিরোধী দলনেতার আইনজীবী প্রাংশু আগরওয়াল বলেছেন, উল্লেখিত অভিযোগগুলি ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ১৫৩এ এবং ৫০৫ ধারার অধীনে অপরাধ হিসাবে গণ্য হয়নি। নিম্ন আদালত ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) ১৯৬ ধারা উপেক্ষা করেছে, যা রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধের জন্য বিচারের সাথে সম্পর্কিত। আগামী ১৪ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।