পুবের কলম, ওয়েবডেস্ক: লোকসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির আয়ের উৎসের সঙ্গে সম্পত্তির সামঞ্জস্য নেই—এমনটাই দাবি করে মামলা দায়ের হয় আদালতে। এবার সেই ফৌজদারি মামলা গ্রহণ করল এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চ। রাহুল গান্ধির বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পত্তি রাখার অভিযোগ তুলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-কে দিয়ে তদন্ত করানোর আর্জি জানানো হয়েছে ওই আবেদনে। আদালতের এই পদক্ষেপে নতুন করে আইনি অস্বস্তিতে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে কংগ্রেস নেতার।

বুধবার (৬ মে) এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি রাজেশ সিং চৌহান এবং বিচারপতি জাফির আহমদের ডিভিশন বেঞ্চে মামলাটি শুনানির জন্য তালিকাভুক্ত ছিল।

মামলার গুরুত্ব বিচার করে আবেদনকারী এস বিঘ্নেশ শিশির বিষয়টিকে জরুরি হিসেবে বিবেচনার অনুরোধ জানান। আদালত সেই আর্জি মেনে নিয়ে দিনের শেষভাগে চেম্বারে রুদ্ধদ্বার শুনানির অনুমতি দেয়। পিটিশনার দাবি করেছেন, সিবিআই যেন এই ঘটনায় একটি নিয়মিত মামলা রুজু করে এবং বিস্তারিত তদন্ত শুরু করে।

আবেদনকারী পিটিশনে অভিযোগ করেছেন, রাহুল গান্ধি ও তাঁর পরিবারের কাছে যে পরিমাণ সম্পত্তি রয়েছে, তা তাঁদের পরিচিত আয়ের উৎসের তুলনায় অনেক বেশি। এই মামলায় স্বচ্ছ তদন্তের স্বার্থে সিবিআই-এর পাশাপাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED), আয়কর বিভাগ (Income Tax), কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিসকেও (SFIO) পক্ষভুক্ত করা হোক।