পুবের কলম, ওয়েবডেস্ক: শ্বশুর-শাশুড়ির ভরণপোষণের দায়িত্ব নিয়ে গুরুত্বপূর্ণ রায় দিল এলাহাবাদ হাইকোর্ট। আদালত স্পষ্ট জানিয়েছে, কোনো পুত্রবধূ আইনত তাঁর শ্বশুর-শাশুড়িকে আর্থিক সাহায্য করতে বাধ্য নন। আগ্রার এক দম্পতি তাঁদের ছেলের মৃত্যুর পর পুত্রবধূর কাছ থেকে আর্থিক সহায়তা চেয়ে আদালতের দ্বারস্থ হন। সেই মামলার শুনানিতে বিচারপতি মদন পাল সিং-এর একক বেঞ্চ এই রায় দেয়।
 
আদালত পর্যবেক্ষণে জানায়, পুরনো ভারতীয় দণ্ডবিধি কিংবা বর্তমান আইন কাঠামো—কোথাও পুত্রবধূকে শ্বশুর-শাশুড়ির ভরণপোষণের জন্য বাধ্য করার বিধান নেই।

ফলে আইনগতভাবে তাঁর ওপর এই দায় চাপানো যায় না। মামলার প্রেক্ষিতে জানা যায়, ওই দম্পতির ছেলে উত্তরপ্রদেশ পুলিশ-এ কর্মরত ছিলেন এবং ২০২১ সালে তাঁর মৃত্যু হয়। 
 
অন্যদিকে, পুত্রবধূ নিজেও কনস্টেবল পদে কর্মরত। আদালত আরও উল্লেখ করে, তিনি তাঁর প্রয়াত স্বামীর চাকরি উত্তরাধিকার সূত্রে পাননি। রায়ে আদালত জানায়, শ্বশুর-শাশুড়িকে সাহায্য করা পুত্রবধূর নৈতিক দায়িত্ব হতে পারে, কিন্তু আইনত তাঁকে এ বিষয়ে বাধ্য করা সম্ভব নয়।