পুবের কলম, ওয়েবডেস্ক: অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্বজনপোষণ ও দুর্নীতির গুরুতর অভিযোগে কড়া অবস্থান নিল দেশের শীর্ষ আদালত। অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যেই প্রাথমিক তদন্ত শুরু করতে বলা হয়েছে। একটি স্বেচ্ছাসেবী সংস্থার অভিযোগ, গত প্রায় এক দশকে মুখ্যমন্ত্রী নিজের ও স্ত্রীর পরিবারের সংস্থাগুলিকে অন্তত ১২৭০ কোটি টাকার সরকারি কাজ পাইয়ে দিয়েছেন। একাধিক প্রকল্পের দায়িত্ব বারবার গিয়েছে তাঁর ঘনিষ্ঠ আত্মীয়দের হাতে।
এমনকি তাঁর স্ত্রীর সংস্থাও বড় কাজের বরাত পেয়েছে বলে অভিযোগ।২০১৬ সালে ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যে বর্তমান সরকারের নেতৃত্বে রয়েছেন তিনি। সেই সময় থেকেই স্বজনপোষণ ও অনিয়মের অভিযোগ সামনে আসতে থাকে। বিশেষ করে তাওয়াং জেলায় প্রায় ৩০০টির মধ্যে ১৫৪টি কাজ পরিবারের সংস্থাগুলিকে দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে।
আরও পড়ুন:
এই প্রেক্ষিতে শীর্ষ আদালতের তিন বিচারপতির বেঞ্চ নির্দেশ দিয়েছে—২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত সমস্ত সরকারি কাজের নথি খতিয়ে দেখতে হবে।
কাজ দেওয়ার পদ্ধতি, প্রকল্পের বাস্তবায়ন এবং অর্থ লেনদেন—সবই অনুসন্ধানের আওতায় থাকবে। ১৬ সপ্তাহের মধ্যে অগ্রগতির বিবরণ জমা দিতে হবে তদন্তকারী সংস্থাকে। এর আগে এই মামলায় কেন্দ্রের সংশ্লিষ্ট দপ্তরগুলির কাছেও জবাব তলব করেছিল আদালত। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে রাজ্য সরকার। তাদের দাবি, সব কাজই নিয়ম মেনেই দেওয়া হয়েছে, কোনও অনিয়ম হয়নি।