পুবের কলম ওয়েবডেস্ক, জন্তর-মন্তরে সিজেপি (ককরোচ জনতা পার্টি)-র নেতৃত্বে চলা ছাত্র-যুব আন্দোলনে খাবার পৌঁছে দেওয়া কয়েকটি রেস্তোরাঁ ও ক্যাফেকে লক্ষ্য করে দিল্লি পুলিশ জিজ্ঞাসাবাদ ও চাপ সৃষ্টি করছে বলে অভিযোগ উঠেছে। আন্দোলনস্থলে ফেলে দেওয়া খাবারের র‌্যাপার ও প্যাকেটের সূত্র ধরে পুলিশ সংশ্লিষ্ট রেস্তোরাঁগুলিকে চিহ্নিত করে তাদের সঙ্গে যোগাযোগ করছে। প্রতিবেদন অনুযায়ী, ৩৬ দিনের আন্দোলনের পর পরীক্ষায় অনিয়মের দায়ে তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করলে, আন্দোলনকারীদের সহায়তাকারীদের বিরুদ্ধে পুলিশি তৎপরতা শুরু হয়। কয়েকজন রেস্তোরাঁ মালিকের অভিযোগ, তাদের থানায় ডেকে জানতে চাওয়া হয় কেন তারা আন্দোলনকারীদের সমর্থনে খাবার পাঠিয়েছিলেন এবং ভবিষ্যতে যেন আর খাবার না পাঠানো হয়, সেই সতর্কবার্তাও দেওয়া হয়।
এক রেস্তোরাঁ মালিকের দাবি, তারা এক সপ্তাহ ধরে নিজেদের উদ্যোগে আন্দোলনকারীদের খাবার সরবরাহ করেছিলেন।

পরে তাদের ইনস্টাগ্রামে বিদ্বেষমূলক বার্তা আসে এবং সমর্থনসূচক পোস্টও মুছে ফেলতে বাধ্য করা হয়। মহাবেলির মালিক জাকারিয়া জ্যাকবও দাবি করেছেন, পুলিশ কয়েকটি রেস্তোরাঁর সঙ্গে যোগাযোগ করেছে এবং অনেক মালিক উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

উল্লেখ্য যে, গার্নিটাস, ডাম্বো ডেলি ও ব্লু টোকাইয়ের মতো কয়েকটি প্রতিষ্ঠান শুধু খাবারই নয়, আন্দোলনকারীদের আশ্রয়, পানীয়জল ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও করেছিল। সিজেপির অভিযোগ, কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা আন্দোলনকারীদের বিরুদ্ধে নতুন ব্যবস্থা না নেওয়ার আশ্বাস দিলেও সমর্থকদের চিহ্নিত করে হয়রানি অব্যাহত রয়েছে। একই সঙ্গে আন্দোলনে অংশ নেওয়া বহু নারী অনলাইনে ধর্ষণ ও প্রাণনাশের হুমকির মুখে পড়েছেন বলেও জানা যায়।