পুবের কলম ওয়েব ডেস্ক: আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এখনই বৃষ্টি থেকে রেহাই পাচ্ছে না বঙ্গবাসী। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের তিন জেলা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় অতিভারী বৃষ্টির কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছিল। পাশাপাশি, কলকাতা-সহ সাতটি জেলায় হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া ভারী বৃষ্টির হলুদ সতর্কতা দেওয়া হয়েছিল। এর সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনার কথাও জানানো হয়েছিল।
দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে।আরও পড়ুন:
বৃহস্পতি, শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও রবিবার থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার কলকাতার আকাশ মেঘলা থাকবে এবং সারাদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে থাকছে হলুদ সতর্কতা। গত বুধবার শহরে ৬৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
শুক্র ও শনিবার শহরে বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বৃষ্টি হতে পারে।আরও পড়ুন:
আবহাওয়া দপ্তর জানিয়েছে, বর্তমানে একটি মৌসুমী অক্ষরেখা পঞ্জাবের ফিরোজপুর ও ঝাড়খণ্ডের ডালটনগঞ্জ থেকে শুরু করে বাংলার কাঁথির উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়াও বিহার ও সংলগ্ন উত্তরবঙ্গে একটি ঘূর্ণাবর্ত এবং উত্তর-পূর্ব বাংলাদেশ ও অসম সংলগ্ন এলাকায় আরও দু'টি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই জোড়া ঘূর্ণাবর্ত ও মৌসুমী অক্ষরেখার জেরেই এই ব্যাপক বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে।