পুবের কলম ওয়েব ডেস্ক:অগস্ট মাসের ‘অন্নপূর্ণা ভান্ডার’ প্রকল্পের টাকা কবে মিলবে, তা নিয়ে রাজ্যবাসীর প্রতীক্ষার অবসান ঘটালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে আয়োজিত একটি সাংবাদিক বৈঠকে তিনি স্পষ্ট জানান, আগামী ১৭ অগস্ট থেকে যোগ্য আবেদনকারী মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই যোজনার টাকা ঢুকতে শুরু করবে। তবে প্রথম পর্যায়ে সকলেই টাকা পাবেন না।
আরও পড়ুন:
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, গত ১০ জুলাইয়ের মধ্যে যাঁরা আবেদন জমা দিয়েছেন এবং যাঁদের আবেদনপত্র যাচাইয়ের পর নির্ভুল বলে প্রমাণিত হয়েছে, কেবল তাঁরাই ১৭ তারিখ টাকা পাবেন।
অন্যদিকে, ১১ জুলাই থেকে ৩১ জুলাইয়ের মধ্যে জমা পড়া ফর্মগুলি যাচাইয়ের কাজ এখনও শেষ না হওয়ায়, ওই আবেদনকারীদের টাকা পেতে কিছুটা বিলম্ব হবে।আরও পড়ুন:
রাজ্য সরকারের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ৩১ জুলাই পর্যন্ত অন্নপূর্ণা যোজনার আওতায় মোট ২ কোটি ১৬ লক্ষ আবেদন জমা পড়েছে। বর্তমানে প্রশাসনিক স্তরে সেই সমস্ত ফর্মের তথ্য এবং যোগ্যতার মানদণ্ড খতিয়ে দেখার কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য জনসমক্ষে তুলে ধরতে আগামী ১০ অগস্ট দুপুর ২টোয় সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী মালতি রাভা রায়কে সঙ্গে নিয়ে একটি বিশেষ সাংবাদিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। ওই দিনই কারা এই প্রকল্পের সুবিধা পাবেন বা পাবেন না, সেই সংক্রান্ত চূড়ান্ত নির্দেশিকা ঘোষণা করা হবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।