পুবের কলম ওয়েব ডেস্ক: পলাতক ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি এবং জাতিসংঘের সহায়তা নিয়ে তাঁকে অবিলম্বে দেশে ফেরত আনার ব্যবস্থা করতে হবে। এ বিষয়ে কূটনৈতিক শিথিলতা প্রদর্শন করা হলে সরকারকে জনগণের কাঠগড়ায় জবাবদিহির মুখোমুখি হতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

বিবৃতিতে দিল্লিতে শেখ হাসিনাকে সংবাদ সম্মেলনের সুযোগ দেওয়া এবং কূটনৈতিক আহ্বান সত্ত্বেও তাঁকে আশ্রয় দেওয়াকে আন্তর্জাতিক নিয়ম ও দ্বিপক্ষীয় বন্দিবিনিময় চুক্তির লঙ্ঘন বলে উল্লেখ করা হয়। জামায়াতের অভিযোগ, ভারতে বসে শেখ হাসিনাকে দেশবিরোধী ষড়যন্ত্রের সুযোগ দেওয়া হচ্ছে। সাড়ে ১৬ বছরের শাসনকালসহ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণহত্যার কথা স্মরণ করিয়ে দিয়ে, ফ্যাসিবাদী যেকোনো চক্রান্ত নস্যাৎ করতে দেশের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।