পুবের কলম ওয়েব ডেস্ক: আগামী নভেম্বরের শেষে কলকাতা এবং হাওড়া কর্পোরেশনে পুরভোটের প্রস্তুতি শুরু করেছে রাজ্য সরকার। তার আগেই দুই শহরের ওয়ার্ডগুলির সীমানা পুনর্বিন্যাস করার সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কলকাতায় ওয়ার্ড সংখ্যা বেড়ে হচ্ছে ২০৯টি এবং হাওড়ায় হবে ৬৮টি।

 বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক শেষে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই খবর জানিয়েছেন। তিনি জানান, এই দুই শহরের ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত সংশোধনী বিলটি আগামী ১২ আগস্ট বিধানসভার এক দিনের বিশেষ অধিবেশনে পেশ করে পাশ করানো হবে।

নবান্ন সূত্রের খবর, এর পাশাপাশি যে সমস্ত পুরসভায় বর্তমানে সরকারি আধিকারিকরা প্রশাসকের দায়িত্বে রয়েছেন, সেখানেও একই সময় নির্বাচন হতে পারে।

প্রথমে মুখ্যমন্ত্রীর নির্দেশে কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ড ভেঙে ২০০টি করার সরকারি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। কিন্তু প্রতিটি ওয়ার্ডে ১৬ হাজার ভোটার নির্দিষ্ট করতে গিয়ে বেশ কিছু প্রশাসনিক জটিলতা দেখা দেয়। সেই সমস্যা সমাধানের জন্যই কলকাতা পুরসভা নতুন করে ২০৯টি ওয়ার্ডের মানচিত্র তৈরি করে পুর ও নগরোন্নয়ন দফতরে পাঠিয়েছে। জানা গিয়েছে, ওয়ার্ড সংখ্যা বৃদ্ধি পেলেও কলকাতায় আগের মতোই মোট ১৬টি বরো থাকছে।

আগামী দিনে এই নতুন তালিকা ধরে রাজ্য নির্বাচন কমিশন সর্বদলীয় বৈঠক করবে। আশা করা হচ্ছে, পুজোর আগেই এই ২০৯টি ওয়ার্ডের মধ্যে মহিলা এবং তফসিলি সংরক্ষিত আসনগুলি চিহ্নিত করার কাজ সম্পন্ন হবে।

অন্যদিকে, বিগত আট বছর ধরে হাওড়া কর্পোরেশনে কোনও পুরভোট হয়নি। অভিযোগ, পূর্বতন তৃণমূল সরকারের আমলে ভোট না হওয়ায় সেখানে কোনও নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন না, যার ফলে সাধারণ নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছিল। এবার কলকাতার সঙ্গেই হাওড়ার ৫০টি ওয়ার্ড ভেঙে ৬৮টি করার কাজ শুরু হয়েছিল এবং ইতিমধ্যেই তার মানচিত্র চূড়ান্ত করা হয়েছে। ১২ আগস্ট বিধানসভার বর্ষাকালীন অধিবেশনে রাজ্যের পুর দফতরের পক্ষ থেকে কলকাতা ও হাওড়ার এই সীমানা পুনর্বিন্যাস সংক্রান্ত বিল পাশ হয়ে গেলেই নির্বাচনী প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে যাবে।